নিউইয়র্কে আনন্দে মেতেছে সবাই

যে দিকে চোখ যায়, সেদিকেই শুধু শুভ্র তুষার। কনকনে হিম আছে বটে, কিন্তু সেই মাতাল ঝোড়ো হাওয়া নেই। আছে সুনসান এক মনোলোভা পরিবেশ। এর মধ্যে রয়েছে আনন্দে মেতে ওঠার আবাহন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল মঙ্গলবার ঘরের বাইরে তুষারের রাজ্যে আনন্দে মেতে উঠেছে সবাই।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন স্থানে এমনই আনন্দমুখর ছিল মানুষের জীবনযাত্রা। গত দুদিনের তুষারপাতের ফলে প্রায় স্থবির হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত এ অঙ্গরাজ্য। তবে আবহাওয়া কর্তৃপক্ষ যে পরিমাণে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল, তা অনেকখানি ভুল প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও এ নিয়ে তাদের ভুলের কথা স্বীকারও করেছে।
তবে ম্যাসাচুসেটস এবং কানেটিকাট রাজ্যে ভারী তুষারপাত হয়েছে। ম্যাসাচুসেটস প্রায় ৩০ ইঞ্চির মতো তুষারপাত হয়েছে।
ইতিমধ্যে নিউইয়র্ক শহরে চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, গণপরিবহনগুলো পুনরায় চালু করা হয়েছে, পার্কগুলোও খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া শাতকালীন ঝড় ‘জুনোর’ জোরালো আঘাতের আশঙ্কায় জারি করা অনেক ব্যবস্থাই তুলে নেওয়া হয়েছে।
নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাজিওর ভাষ্য, নিউইয়র্কে দুই ফুটের কাছাকাছি তুষারপাতের যে অনুমান করা হয়েছিল, তার সামান্যই হয়েছে। নিউইয়র্কের নাগরিকদের অনেকেই মেয়রের নেওয়া মাত্রাতিরিক্ত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল। আবহাওয়াবিদদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সেগুলো নেওয়া হয়। তবে তিনি তাদের দোষ দিতে রাজি হননি। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা আমাদের সহায় ছিলেন, ঝড়টি পূর্ব দিকে সরে গেছে। নয়তো আমরা এর শিকার হতে পারতাম।’
তিনি বলেন, মানুষের চলাচলে সতর্কতামূলক পদক্ষেপ না নিলে, অনেক প্রাণহানি হতে পারত, অর্থনৈতিক ক্ষতিও হতে পারত।
তবে শিগগিই নিউইয়র্কে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে বলে তিনি নাগরিকদের আশ্বস্ত করেন। তাঁর দাবি, বুধবারের মধ্যেই শহর পরিষ্কারের কাজ করা হবে। এরপরই বিদ্যালয়গুলো খুলো দেওয়া হবে। অন্য সবাই যে যার কাজে ফিরে যেতে পারবে।