নিউইয়র্কে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে মনে করছেন গভর্নর

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমছে নিউইয়র্কে। অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুমো গতকাল বৃহস্পতিবার জানান, আগের ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ৬০৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১২০০ জন। এই পরিস্থিতিকেই অবস্থার উন্নতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, আজ শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাসে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষ নিউইয়র্কেই মারা গেছে। শুধু নিউইয়র্ক নগরীতেই মারা গেছে ১১ হাজারের বেশি। পুরো আমেরিকায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে আগেই। দেশজুড়ে নিশ্চিত সংক্রমণের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার পেরিয়ে গেছে।
করোনা-আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে বাংলাদেশিদের নাম প্রতিদিন যোগ হচ্ছে। বৃহস্পতিবার এ তালিকায় যুক্ত হয়েছে আরও সাত বাংলাদেশির নাম। তাঁরা হলেন—রউফ আহমেদ, মোহাম্মদ আব্দুল হক, তাজুল ইসলাম, মোহাম্মদ রহমান, আবু তাহের, ফরিদ উদ্দিন (ভার্জিনিয়া) ও আমীরুন্নেসা। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৪৭ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের লকডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, পরিস্থিতির এখনো ততটা উন্নতি হয়নি। ধাপে ধাপে ব্যবসা-বাণিজ্য খোলা হবে। অবস্থার উন্নতি অব্যাহত থাকলে ধীরে ধীরে সব উন্মুক্ত করা হবে। সামনের এক মাস পর্যবেক্ষণ করতে হবে। এক মাস পর পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা এখনো বোঝা যাচ্ছে না।
এদিকে হাসপাতালে কোভিড-১৯ রোগী ভর্তির সংখ্যা কমলেও যারা আসছেন, তাঁদের অধিকাংশেরই অবস্থা সংকটজনক। এটি নতুন এক উদ্বেগের জন্ম দিচ্ছে। কারণ, হাসপাতালের আইসিইউ ইউনিটগুলো গুরুতর রোগীদের সামাল দিতে পারছে না। প্রতিদিন শুধু নিউইয়র্ক নগরীর হাসপাতালেই আট থেকে নয় শজনকে আইসিইউ ইউনিটে পাঠাতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর হাসপাতালগুলোয় এমন রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৭০ জন। এসব রোগীর মধ্যে কতজন ফিরবেন, তা নিয়ে সংশয় রয়েছে।
ব্রুকলিনের একটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পিয়া ড্যানিয়েল নিউইয়র্ক পোস্টকে বলেন, আইসিইউতে থাকা রোগীদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় লোকজনকে সতর্কভাবে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এরই মধ্যে অনেকে ফেডারেল অর্থ সহযোগিতা পেয়েছেন। জ্যাকসন হাইটসের ইত্যাদি গ্রোসারিতে দিনভর লোকজনকে যথাযথ সতর্কতা মেনে বাজার করতে দেখা গেছে। ব্যবসা মালিকেরাও সতর্কতার সঙ্গেই কাজ করছেন।
গ্রোসারিকর্মী শিরিল হাসান বলেন, লোকজন সরকারি অর্থ হাতে পাওয়ার পর বাজার করছেন বেশি করে। অনেকেই মাসের বাজার নিয়ে যাচ্ছেন, যাতে ঘনঘন দোকানে আসতে না হয়।
এদিকে বেকারভাতার আবেদন যারা করেছেন, তাঁদের অনেকেই তা পেতে শুরু করেছেন। নিউইয়র্ক, নিউজার্সির অনেক আবেদনকারী অবশ্য এখনো হাতে অর্থ পাননি বলে জানিয়েছেন। এই বিলম্বের কারণ হিসেবে অঙ্গরাজ্য সরকারগুলো অতিরিক্ত আবেদনপত্র জমা পড়াকে কারণ হিসেবে দেখাচ্ছে।
আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাবের সময় আমেরিকান বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছিলেন লেখক মইনুস সুলতান। জর্জিয়ায় বসবাসকারী এই লেখক জানান, দুর্যোগের এই সময়ে আরও নানা ধরনের সংকট দেখা দিয়েছে। বহু এলাকায় মানুষের ঘরে খাবার বা অন্য সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট স্বেচ্ছাসেবক পাওয়া যাচ্ছে না। আমেরিকার আইনে যে কারও খাবার বা কোনো সাহায্য নিয়ে কারও দরজায় কড়া নাড়ার সুযোগ নেই। পুলিশ ভেরিফিকেশনের পর কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই স্বেচ্ছাসেবকদের কাজ করতে হয়। এসব কারণে প্রান্তিক আমেরিকার নানা এলাকায় ঘরে থাকা লোকজনের কাছে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে।