নিউইয়র্কে কূটনীতিবিদদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘ বাংলাদেশ কার্যালয়ে কূটনীতিবিদদের মিলনমেলা বসে। জাতিসংঘে কর্মরত কূটনৈতিক প্রতিনিধিরা সেখানে যান।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন এবং তাঁর স্ত্রী সেলিনা মোমেন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জেন এলিসন কেক কেটে আন্তর্জাতিক এই মিলনমেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জেন এলিসন বলেন, বাংলাদেশ জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। জাতিসংঘ সনদ বাস্তবায়ন, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও বিশ্বশান্তি¯সংরক্ষণে বাংলাদেশ বিশ্বের কাছে রোলমডেল হয়ে উঠেছে।

অনুষ্ঠানের ফাঁকে প্রথম আলোর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জেন এলিসন। তিনি বলেন, বাংলাদেশের মানুষই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় বলে তিনি উল্লেখ করেন। সব দল ও মতকে ধারণ করে, পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে বলে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জেন এলিসন আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। খাওয়ার ফাঁকে ফাঁকে অনেকেই বাংলাদেশ সম্পর্কে তাঁদের আগ্রহের কথা জানান। বাংলাদেশি খাবারের প্রশংসা করেন। নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী, মুক্তিযোদ্ধা কমিউনিটি নেতারা, সাংবাদিক, সংস্কৃতিকর্মীরা স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে যোগ দেন।