নিউইয়র্কে গ্রন্থমেলায় অভিজিৎ হত্যার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত একুশে গ্রন্থমেলায় কথা বলছেন লেখক ও সাহিত্যিক আনিসুল হক। ছবি: প্রথম আলো
নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত একুশে গ্রন্থমেলায় কথা বলছেন লেখক ও সাহিত্যিক আনিসুল হক। ছবি: প্রথম আলো

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগারের সম্পাদক মার্কিন নাগরিক অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ফেটে পড়ে নিউইয়র্কের একুশে গ্রন্থমেলা। গতকাল শনিবার মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত একুশে গ্রন্থমেলার ১১তম দিনে আলোচকেরা হত্যাকাণ্ড তদন্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নেওয়ার আহ্বান জানান।

অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধের প্রত্যয় শীর্ষক ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। সভায় প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে ওই দিনের সব আনন্দ-উৎসব বাতিল করে মেলা প্রাঙ্গণ প্রতিবাদ জানায়। আলোচনা, কবিতা, আবৃত্তি—দিনের সবকিছুই ছিল অভিজিৎকে ঘিরে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন আবদুল মোমেন, হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, নিনি ওয়াহেদ, সউদ চৌধুরী, নাজমুল আহসান, রতন তালুকদার, দর্পণ কবীর, আহমেদ মুসা, ফকির ইলিয়াস, আকবর হায়দার কিরণ, জয়ন্ত নাগ, লুৎফুন নাহার লতা, রানু ফেরদৌস ও তানভীর রাব্বানী।

প্রতিবাদ সভায় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেন, ‘সন্ত্রাস ও অন্ধকারকে রুখতে পারে আলো। আলোর জন্য চাই জ্ঞান। তাই আমাদের অনেক বই পড়তে হবে।’

জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আবদুল মোমেন বলেন, জঙ্গিবাদ দমন করা খুব জরুরি। নতুবা অভিজিৎদের হারাতে হবে।

সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, হুমায়ুন আজাদ থেকে শুরু করে অভিজিৎ রায়কে যেভাবে খুন করা হয়েছে তা একইরকম। একটি সংঘবদ্ধ দল এই কাজটি করছে। এদের প্রতিরোধ করা দরকার। সভায় বেশির ভাগ বক্তাই অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেমন্তী ওয়াহেদ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আসা প্রায় ২০ জন কবি এদিন প্রতিবাদের কবিতা পড়েন। সমকালীন ঘটনাপ্রবাহ নিয়ে প্রধান অতিথি আনিসুল হকের সঙ্গে হাসান ফেরদৌস লেখক পাঠক মুখোমুখি বসেন। অনুষ্ঠানের প্রবেশপথে ছিল অভিজিৎ রায়ের স্মৃতির উদ্দেশে নিবেদিত শোক বই। কবি, লেখক, সাংবাদিক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবীর প্রবাসীরা শোক বইয়ে সই করে তাঁদের শ্রদ্ধা জানান।