নিউইয়র্কে চালু হলো রেড ফ্ল্যাগ আইন
নিউইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুক ব্যবহার সম্পর্কিত নতুন আইন ২৪ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। নিউইয়র্কে এটি লাল পতাকা বা রেড ফ্ল্যাগ আইন নামে পরিচিত হবে।
বন্দুক ব্যবহারকারীদের মধ্যে সতর্কতা তৈরির লক্ষ্যেই নতুন এ আইন পাস করা হয়েছে। এ আইন অনুযায়ী, কোনো বন্দুক ব্যবহারকারী আদালতের দৃষ্টিতে সন্দেহভাজন বিবেচিত হলে, তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে। অনেক ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তও করা হতে পারে।
যেসব ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে তারা যেন কোনোভাবেই অন্যদের জন্য হুমকির কারণ না হয়, সে লক্ষ্যে সবাইকে সতর্ক করতেই এ আইন প্রণয়ন ও কার্যকর করা হয়েছে। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী কর্মকর্তারা আদালতের কাছে আবেদন করতে পারবে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত খতিয়ে দেখে বিপজ্জনক হতে পারে এমন কারও কাছ থেকে বন্দুক জব্দ করতে পারবে।
এ আইনের অধীনে কেউ আদালতের কাছে আবেদন করলে, আবেদনের পক্ষে প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। একে আমলে নিয়ে তখন শুনানি অনুষ্ঠিত হবে। যদি সংশ্লিষ্ট ব্যক্তি হুমকির কারণ হতে পারে বলে প্রমাণিত হয়, তবে তাকে এক বছরের জন্য আগ্নেয়াস্ত্রের মালিকানা থেকে বাদ দেওয়া হবে। একই সঙ্গে নতুন অস্ত্র ক্রয় থেকে বিরত রেখে তার জন্য সুরক্ষার আদেশও জারি করা হবে। তবে বন্দুক মালিকেরও আদালতের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে।
কেউ কেউ বলছেন, আইনটি মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে প্রদত্ত অধিকারের লঙ্ঘন। তবে ডিক্স হিলসের বাসিন্দা লিন্ডা বেইগেল-শুলম্যানসহ আরও অনেকে, যাদের সন্তান পার্কল্যান্ডের স্কুল শুটিংয়ে নিহত হয়েছিল, তাঁরা বলছেন, এই পদক্ষেপটি মানুষের জীবন রক্ষা রবে। আমেরিকায় নিউইয়র্ক ছাড়াও আরও ১৬টি অঙ্গরাজ্যে এমন রেড ফ্ল্যাগ আইন রয়েছে।
এ সম্পর্কিত এক বিবৃতিতে গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ। ফেডারেল সরকারের নিউইয়র্কের নেতৃত্ব অনুসরণ করার সময় এসেছে। আমেরিকার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনকে (এনআরএ) পাত্তা না দিয়ে জাতীয় রেড ফ্ল্যাগ আইন কার্যকর করুন। এর ওপর মানুষের জীবন নির্ভর করছে।’