নিউইয়র্কে শাহজালালের (রহ.) ভার্চুয়াল ওরস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে এফবি লাইভস্ট্রিমে বাবা শাহজালালের (রহ.) ৭০১তম উরস উদযাপন অনুষ্ঠানে অতিথিরা
নিউইয়র্কে এফবি লাইভস্ট্রিমে বাবা শাহজালালের (রহ.) ৭০১তম উরস উদযাপন অনুষ্ঠানে অতিথিরা

আজ থেকে ৭০১ বছর আগে আধ্যাত্মিক গুরু মামা আহমদ কবীরের দেওয়া এক মুঠো মাটি ও মহাভারতের ওলিকুল শিরোমণি খাজা নিজামুদ্দীন আউলিয়ার উপহার স্বরূপ দেওয়া এক জোড়া কবুতর নিয়ে ৩৬০ আউলিয়াসহ সিলেটের মাটিতে আসেন এক মহামনীষী। শ্রীহট্টের ভূমিতে ইসলাম প্রচার শেষে সিলেটবাসীকে তাঁর আধ্যাত্মিকতায় ধন্য করে প্রতিটি সিলেটীর অন্তরে স্থান নিয়ে পৃথিবী ছেড়ে চলে যান। তাঁর মোবারক নামটি হজরত শাহজালাল মুজাররাদ আল-ইয়ামানী (র.)।

যতটুকু জানা যায়, সিলেটে হজরত শাহজালাল (র.) এসেছিলেন ১৩০৩ সালে। সিলেটের তদানীন্তন প্রভাবশালী ও হিংসুটে রাজা গৌর গোবিন্দের প্রতিটি ষড়যন্ত্র ও আক্রমণকে মহান আল্লাহর রহমতের বলে নাস্তানাবুদ করেন। ১৩৪৬ সালের ১৫ মার্চ ৭৪ বছর বয়সে ৩৬০ আউলিয়া, ভক্তবৃন্দ ও সিলেটের আপামর মানুষকে কাঁদিয়ে দুনিয়া ছেড়ে যান। আরবের ইয়েমেনে জন্ম নেওয়া ক্ষণজন্মা এই মহীয়ান বুজুর্গ আল্লাহর ইবাদত ও ধর্মীয় আধ্যাত্মিকতার খোরাক প্রদানে এমনি ব্যস্ত ছিলেন যে, জীবনে বিয়ে করে সংসার পাতার সময়টুকু পাননি। চিরযুবাদেরই আরবি ভাষায় বলা হয় মুজাররাদ, তাই তাঁর নামের সঙ্গে বলা হয়ে থাকে মুজাররাদ আল-ইয়ামানী।

শান্তিময় সন্ত্রাসবিহীন ইসলামের বহু যুগের রীতি এই ওরস উৎসব, যা পালন ও উদ্‌যাপন করে নিজ নিজ আধ্যাত্মিক ওলি, আউলিয়া ও পীর-বুজুর্গানের রুহানি অবর্ণনীয় ফায়জ লাভে ভক্তরা ধন্য হয়ে থাকেন। কালের আবর্তনে ওরসের সঠিক অর্থ ও ব্যাখ্যা বুঝতে না পেরে কিছু ভক্ত সীমাতিরিক্ত আচরণ করে ওরস শত্রুদের তামাশার উপঢৌকন জোগাড় করে দেন, যা খুবই দুঃখজনক। ওরস যেহেতু মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত, আর মৃত্যু হলো দুঃখের চিহ্ন, তাই মুসলমানরা নবী মোহাম্মদ (সা)–এর ওফাত দিবস পালন করেন না, বরং অন্ধকার দুনিয়াকে আলোকিত করে তাঁর শুভাগমনের আনন্দে আত্মহারা হয়ে মুসলমানরা উদ্‌যাপন করেন, মহান ঈদে মিলাদুন্নবী (সা.)।

৭০০ বছর ধরে চলে আসা হজরত শাহজালালের (র.) ওরস শরিফ এবার হবে না, তা কল্পনাও করা যায় না। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সিলেটের ওলিকূলের শিরোমণি হজরত শাহজালালের (র.) পবিত্র ওরস মোবারক প্রতি বছরের ন্যায় এবার সিলেটের দরগাহ প্রাঙ্গণে উদ্‌যাপিত না হচ্ছে না। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই ওরস মোবারক নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার থেকে উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়। ১২ জুলাই নিউইয়র্ক সময় রাত ১১টা ফেসবুক লাইভ স্ট্রিমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে তা উদ্‌যাপিত হয়। এতে উত্তর আমেরিকাসহ বিশ্বের প্রায় বিভিন্ন জায়গা থেকেই হজরত শাহজালালের (র.) ভক্ত ও আশেকরা স্বতঃস্ফূর্তভাবে তাতে যোগ দেন।

এতে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোয়েশন অব আমেরিকার সাবেক সভাপতিবদরুল খান, পটুয়াখালীস্থ বদরপুর দরবার শরিফের আমেরিকার গদ্দিনিশীন পীর ড. ইমাম শাইখ সায়্যিদ মোতাওয়াক্কেল বিল্লাহ রাব্বানী ও তদীয় বড় ও মেঝ সাহেবজাদা সায়্যিদ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী ও সায়্যিদ মুসতায়ীন বিল্লাহ রাব্বানীও এই ভার্চ্যুয়াল লাইভ ওরস শরিফে অংশ নেন। আয়োজক মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূমের সঞ্চালনায় মাহফিলে তিলাওয়াত করেন বড় সাহেবজাদা ও হজরতের জীবনীর ওপর ইংরেজিতে একটি প্রবন্ধ পাঠ করেন মেজ সাহেবজাদা। আয়াতটির আলোকে ও ফাজায়েলে ওরসের ওপর সারগর্ভ আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ইমাম শাইখ রাব্বানী।

বদরুল খান ভবিষ্যতে এই ওরস প্রতি বছর আরও বৃহদাকারে আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করে তিনি মোহাম্মদী সেন্টার ও পরিচালক ইমাম কাজী কায়্যূমকে ওরস মাহফিলটি আয়োজন করে ওরস সম্বন্ধে একটি সুষ্ঠু ধারণা উপস্থাপন করায় ধন্যবাদ জানান। মিলাদ ও সালাত ওয়া সালাম শেষে মাহফিলে ওলিকূল শিরোমণি শাহজালালের দরজা বুলন্দী ও তাঁর অছিলায় বিশ্ব মানবতা, করোনাভাইরাসে যারা শাহাদত লাভ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন ও যারা অসুস্থ আছেন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওরস মাহফিল শেষ হয়। বিজ্ঞপ্তি।