নিউইয়র্ক কবে নারী মেয়র পাবে
নিউইয়র্ক নগরে এ পর্যন্ত ১০৯ জন মেয়র দায়িত্ব পালন করেছেন। এঁদের সবাই পুরুষ। অসাম্প্রদায়িক, উদারনৈতিক এবং বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় নগর নিউইয়র্ক কবে একজন নারীকে মেয়র নির্বাচিত করবে? এমন প্রশ্ন থেকে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে কবে একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, ঠিক তেমনি দেশটির সবচেয়ে অগ্রসর নগরের নারী মেয়র কবে হবেন—এ নিয়ে প্রত্যাশা আর আলোচনা দীর্ঘদিন থেকেই চলে আসছে।
সম্প্রতি অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে ক্যাথরিন গার্সিয়া এবং মায়া উইলি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছেন। অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো হবে। এবারে হয়তো নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচিত হবেন একজন নারী। একটা সুবর্ণ সুযোগ এসেছিল।
ক্যাথরিন ও মায়া, এ দুজন প্রার্থীই ছিলেন নগর সরকারে অভিজ্ঞতা সম্পন্ন নারী। তাঁদের পক্ষে ছিল ব্যাপক সমর্থন। বিখ্যাত শ্রমিক ইউনিয়ন, নির্বাচিত জনপ্রতিনিধি, নানা সংবাদপত্রের সম্পাদকীয় অনুমোদন অর্জন করতে সক্ষম হয়েছিলেন এ দুজন মেয়র প্রার্থী।
দুজনেরই কয়েক মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ হয়েছিল। তাঁদের নির্বাচনী
প্রচারে আশাবাদ দেখা দিয়েছিল। শেষ সপ্তাহগুলো জমে উঠেছিল বেশ উত্তেজনা আর প্রেরণায়। তবে নগরের সাবেক স্যানিটেশন কমিশনার ক্যাথরিন গার্সিয়া এবং মেয়র বিল ডি ব্লাজিওর সাবেক সহযোগী মায়া উইলি পেরে ওঠেননি দিন শেষে।
নির্বাচনে তাঁরা অধিকার করলেন দ্বিতীয় ও তৃতীয় স্থান। প্রথম হলেন ব্রুকলিন বরো প্রেসিডেন্ট অ্যারিক অ্যাডামস।
যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি নগরের মধ্যে নিউইয়র্ক অন্যতম, যেগুলোর ইতিহাসে এখনো পর্যন্ত কোনো নারী মেয়র হিসেবে নির্বাচিত হননি। একই অবস্থা লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া ও ডেট্রয়েটেও। ম্যাসাচুসেটসের বোস্টন নগরী সম্প্রতি নির্বাচিত করেছে তার প্রথম নারী মেয়র। বর্তমানে দেশের বড় ১০০টি নগরীর ৩০টির নেতৃত্বে রয়েছেন নারী।
মায়া উইলি ও ক্যাথরিন গার্সিয়া তিন লাখ ৮০ হাজারের ওপর প্রথম পছন্দ ভোট জিতেছিলেন। এটি মোট ভোটের প্রায় ৪১ শতাংশ। নগরের নতুন র্যাঙ্ক চয়েস পদ্ধতির নির্বাচনে গার্সিয়া, অ্যারিক অ্যাডামসের চেয়ে শতকরা মাত্র এক পয়েন্ট ভোট কম পেয়েছেন।
সাবেক সিটি কাউন্সিল স্পিকার ক্রিস্টিন কুইন ২০১৩ সালে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি বলেন, ‘আমি হতাশ এবং দুঃখিত। তবে অ্যারিক অ্যাডামসের ওপর আমার ভরসা আছে, তবে আমি চেয়েছি একজন নারী নিউইয়র্কের মেয়র হোক। এটা আমার জন্য সত্যিই কষ্টকর।’
এবারের ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি প্রার্থিতার দিক দিয়ে ছিল সবচেয়ে বেশি বৈচিত্র্যময়। মায়া উইলি, ক্যাথরিন গার্সিয়া ছাড়াও এবারে ব্যালটে আরও দুজন নারীর নাম ছিল। তাঁদের একজন সাবেক নন প্রফিট নির্বাহী ডায়ান মোরালেস ও আরেকজন ব্যবসায়ী জসলিন টেলর। পঞ্চম আরেকজন নারী অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার লোরি সুট্টন। তিনি গত মার্চে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়েছিলেন। ব্যালটের ১৩ জন প্রার্থীর মধ্যে শ্বেতাঙ্গ ছিলেন মাত্র তিনজন। নির্বাচিত হলে, অ্যারিক অ্যাডামস হবেন নিউইয়র্ক নগরে ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র।
এবারই প্রথমবারের মতো নিউইয়র্ক নগরে র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভোটে নির্বাচন হলো। যেখানে ভোটাররা আগ্রাধিকার ভিত্তিতে, পছন্দের পাঁচজন প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। বিজয় নিশ্চিত করতে, অন্য নগরে সচরাচর প্রার্থীদের জোটবদ্ধ হতে দেখা যায়। কিন্তু এখানে ক্যাথরিন গার্সিয়া ও মায়া উইলি দুজনেই জোর প্রচারণা চালিয়েছিলেন। নিউইয়র্ক এবার একজন নারীকে নগরের মেয়র হিসেবে পেয়ে যেতে পারে, এমন ধারণা ও আশাবাদের সৃষ্টি হয়েছিল অনেকেরই মধ্যেই। কিন্তু দুজনেই লড়লেন স্বতন্ত্রভাবে।
ক্যাথরিন গার্সিয়া ও মায়া উইলি এক জোট হয়ে নির্বাচন করা যায় কিনা, দুজনের প্রচারণা শিবিরের মধ্যে আলোচনা হয়েছিল। ক্যাথরিন গার্সিয়া চেয়েছিলেন আন্তরিকভাবে। কিন্তু শেষ পর্যন্ত এমন আলোচনা ফলপ্রসূ হয়নি।
নীতিগতভাবে দুই পক্ষ এক মঞ্চে আসতে পারেননি। মায়া উইলি নীতিগত নানা উদারনৈতিক ইস্যুতে ছাড় দেননি। অন্যদিকে ক্যাথরিন গার্সিয়া নগরের পুলিশ নীতিতে রক্ষণশীল এবং পুলিশ ইউনিয়নের সমর্থন প্রাপ্ত তিন প্রার্থীর অন্যতম। মায়া উইলি পুলিশের বাজেট বছরে এক বিলিয়ন ডলার কর্তনের পক্ষে।
পর্যবেক্ষকদের মতে, দুজনের মধ্যে নির্বাচনী জোট হলে ক্যাথরিন গার্সিয়া, মায়া উইলির চেয়ে বেশি লাভবান হতেন। অনেকের মতে জোটবদ্ধ নির্বাচন করলেও গার্সিয়ার ভোটাররা মায়া উইলিকে ভোট দিতেন না। এমন অবিশ্বাস জন্ম নিয়েছিল।
ক্যাথরিন গার্সিয়া অবশ্য পরে অ্যান্ড্রু ইয়াংয়ের সঙ্গে জোট বেধেছিলেন। ইয়াংয়ের সমর্থকদের কিছু ভোট সংগ্রহ করতেও সমর্থ হয়েছিলেন তিনি।
এদিকে মায়া উইলি গত ৭ জুলাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনো প্রার্থীর সঙ্গে জোটে না যাওয়ার সিদ্ধান্তে তাঁর আফসোস নেই। নীতির প্রশ্নে আপস না করার কথা জানিয়েছেন উইলি।
র্যাঙ্ক চয়েসে মায়া উইলি অপসারিত হলে, তাঁর এক লাখ ৩০ হাজার ভোট ক্যাথরিন গার্সিয়ার বাক্সে যায়। এ সংখ্যা মায়া উইলির প্রাপ্ত ভোটের প্রায় অর্ধেক। আর তাঁর ভোটের প্রায় ২০ শতাংশ যায় অ্যারিক অ্যাডামসের বাক্সে। শেষ পর্যন্ত মাত্র সাড়ে আট হাজারের কম ভোটের ব্যবধানে ক্যাথরিন গার্সিয়া অ্যারিক অ্যাডামসের কাছে হেরে যান।
নিউইয়র্ক নগর তার প্রথম নারী মেয়র নির্বাচিত করার সুযোগটি পেয়েও হারাল—এমন এখন বলতে শোনা যাচ্ছে এ নগরের সর্বত্র।