নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির জরুরি সভা

নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন দুপুরে জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও পারসন্স বুলেভার্ড এলাকার স্থানীয় এক রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বার্ষিক বনভোজনের তারিখ ৩০ জুনের বদলে ৭ জুলাই ঠিক করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনার আহমদ চৌধুরী, এবাদ চৌধুরী, আব্দুল মুমিত চৌধুরী, সৈয়দ সেলিম, নুর উদ্দিন, ওয়াহিদ পারভেজ, মিছবাহ আহমদ, রাফাত চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ক্রুড ওয়েল ব্যবসায়ী দিনার আহমদ চৌধুরীকে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের বার্ষিক বনভোজনের তারিখ ৩০ জুনের বদলে ৭ জুলাই নির্ধারণ করা হয়।
দিনার আহমদ চৌধুরী বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ থানার বিশিষ্ট ব্যবসায়ী। সভায় তিনি বলেন, রনকেলি গ্রামে তাঁর ৫০ কোটি টাকার প্রকল্প রয়েছে। এর মধ্যে হোটেল, ক্লিনিক, শপিংমল, ১ হাজার ৪০০ আসনবিশিষ্ট কমিউনিটি সেন্টার রয়েছে। বিশিষ্ট এ ব্যবসায়ী নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটিকে তাঁর জনকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটিকে কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই প্রকল্পটির সিংহভাগ অংশীদার হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব করেন তিনি।
এই প্রস্তাবে দিনার আহমদকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁর প্রস্তাবের বিষয়ে সাধারণ সভার মাধ্যমে গোলাপগঞ্জবাসীর অনুমতি সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে সবাই সম্মত হন। পরে দিনার আহমদ চৌধুরীর আপ্যায়নে ইফতারের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
সভায় কুইন্স করনা ফ্লাশিং পার্কে ৭ জুলাই সংগঠনের বার্ষিক বনভোজনে অংশগ্রহণের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। এতে থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা ধরনের খেলাসহ রকমারি সব আয়োজন। থাকছে মধ্যাহ্নভোজের আয়োজন। বনভোজনের জন্য পরিবার প্রতি ৫০ ডলার ফি নির্ধারণ করা হয়।