নিউইয়র্ক ছেড়ে যাচ্ছেন সংগঠক জুনেদ খান

জীবনের দীর্ঘ ৩৩টি বছর তিনি কাটিয়েছেন নিউইয়র্ক ও কানেকটিকাট অঙ্গরাজ্যে। এবার আবার পালাবদলের সময় এসেছে। তাই নিউইয়র্কের সফল সংগঠক জুনেদ খান নিউইয়র্ক অঙ্গরাজ্যকে বিদায় জানিয়ে এবার পাড়ি জমাচ্ছেন মিশিগানে।
নিউইয়র্ক অবস্থানকালে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে শক্ত অবস্থানে ছিলেন জুনেদ খান। প্রবাসের অন্যতম বড় সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সিলেট সদর সমিতির উপদেষ্টা ও সিলেট মহানগর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কানেকটিকাট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এবার তিনি মিশিগানে বাড়ি কিনে স্ত্রী ও একমাত্র সন্তানসহ সেখানে স্থানান্তরিত হচ্ছেন।
প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপকালে জুনেদ খান বলেন, ‘সামাজিক সংগঠন বা রাজনৈতিক চলার পথে যদি কারও মনে আঘাত করে থাকি, তবে তারা যেন আমাকে ক্ষমা করে দেন। আর নিউইয়র্কের কেউ মিশিগান ভ্রমণে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার দরজা সব সময় খোলা থাকবে।’