নিউইয়র্ক টাইমসের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রধান কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমের নির্বাহীদের সঙ্গে বৈঠকের একদিন পর নিউইয়র্ক টাইমসের সঙ্গে বৈঠক বাতিল করলেন। এই গণমাধ্যমটি তাঁর বিরুদ্ধে অসত্য ও বিতর্কিত সংবাদ প্রকাশ করে যাচ্ছে—এমন অভিযোগও তুলেছেন তিনি।
নিউইয়র্ক টাইমসের সঙ্গে বৈঠক বাতিল প্রসঙ্গে মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘তারা সব সময় আমাকে ভুলভাবে এবং কদর্যরূপে উপস্থাপন করেছে।’ ট্রাম্প উল্লেখ করেন, ‘ব্যর্থ’ নিউইয়র্ক টাইমসের সঙ্গে তিনি বৈঠক বাতিল করেছেন।
তবে নিউইয়র্ক টাইমসের রাজনৈতিক সংবাদদাতা জোনাথন মাহলার এক টুইট বার্তায় জানিয়েছেন, ট্রাম্প বৈঠকের নিয়ম পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, রিপাবলিকানরা ওই বৈঠকের আলোচনা প্রকাশ করা যাবে না—এমন প্রস্তাব দিয়েছিল। কিন্তু পত্রিকার পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প গত সোমবার সন্ধ্যায় ট্রাম্প টাওয়ারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের নির্বাহী ও উপস্থাপকদের ডেকেছিলেন আলোচনার জন্য। আগেই বলা হয়েছিল, এই আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা যাবে না। সেই আলোচনায় নির্বাচনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে বিশদ আলোচনা হয়। সেখানে উপস্থিত সবাই আশা করেছিলেন, ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আভাস দেবেন। কিন্তু সেই আলোচনায় ট্রাম্প নির্বাহীদের ‘মিথ্যাবাদী’ ও সাংবাদিকদের ‘মানবতার সর্বনিম্ন স্তরের’ মানুষ বলে আখ্যা দেন।
বৈঠকে অংশ নেওয়া একজন দৈনিক নিউইয়র্ক পোস্টে এ তথ্য ফাঁস করে দিয়েছেন। সেখানে ওই বৈঠককে তিনি ভয়ংকর দুর্যোগ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘টেলিভিশন নির্বাহী ও উপস্থাপকেরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে কীভাবে মিলেমিশে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হবে ভেবে বৈঠকে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পর সেখান থেকে তাঁরা চিরাচরিত ট্রাম্প স্টাইলেই তিরস্কৃত হন।’