নিউইয়র্ক থেকে চাকরি ছেড়ে যাচ্ছেন শিক্ষকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ২০১২-২০১৩ শিক্ষা বছরে নিয়োগ হওয়া ৪১ শতাংশ শিক্ষক তাঁদের কর্মস্থান ত্যাগ করেছেন।

এক গবেষণায় দেখা গেছে, এই শিক্ষকেরা নিয়োগের পাঁচ বছরের মধ্যে চাকরি ছেড়ে দিয়ে নিউইয়র্ক থেকে চলে গেছেন।

ব্রঙ্কসে ২০১৭-২০১৮ শিক্ষা বছরে নিয়োগ হওয়া ২১ দশমিক ৫ শতাংশ শিক্ষক পাঁচ বছর পূর্তি হওয়ার আগেই অন্যত্র চলে গেছেন। নিউইয়র্ক শহরে শিক্ষকতা করা বাস্তবিক ভাবেই অনেক চ্যালেঞ্জের। মেয়র ব্লুমবার্গ তাঁর সময় নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবসা প্রতিষ্ঠানের মডেলে সাজিয়েছেন। যাতে প্রকৃতপক্ষে মূল শিক্ষার চেয়ে ছাত্র-ছাত্রীদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্কের সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংজার বলেন, এই সত্যকে অবজ্ঞা করা যায় না যে নিউইয়র্ক শহরে শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়াটা একটা সংকট হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন, নতুন শিক্ষকদের যথার্থ প্রশিক্ষণের অভাব আছে।

ওই গবেষণায় আরও জানা যায়, প্রায় ৪০ শতাংশ শিক্ষক নিয়োগের পাঁচ বছরের মধ্যে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। এ কারণে নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনকে প্রতি বছর নিয়োগের জন্য উঠে পড়ে লাগতে হয়। তাড়াহুড়ো করতে হয় বলে সব সময় ভালো শিক্ষক পাওয়া যায় না। অন্যদিকে যেহেতু অধিকাংশ শিক্ষক নিয়োগের পাঁচ বছরের মধ্যে চাকরি ছেড়ে চলে যান এবং বোর্ড অব এডুকেশন প্রতি বছর নতুন শিক্ষক নিয়োগ দেয় তাই নিউইয়র্কে অভিজ্ঞতা সম্পন্ন ও দক্ষ শিক্ষকের ঘাটতি থাকছে অনেক।

অন্যদিকে সিটি কম্পট্রোলার স্ট্রিংজার এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন এক রেসিডেন্সি প্রোগ্রাম চালু হবে। এতে যেসব ছাত্র-ছাত্রীরা শিক্ষা বিষয়ে পড়াশোনা করছে তাদের পড়াশোনার শেষ বছরে ৩০ হাজার ডলার বেতনে নিউইয়র্ক সিটির স্কুলে অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে শিক্ষকতার সুযোগ মিলবে। তিনি মনে করেন, এর ফলে নতুন শিক্ষকেরা অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে শিক্ষকতা করে উপকৃত হবেন।