নিউইয়র্ক নগর দেখা যাবে ফ্রিডম টাওয়ার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সুউচ্চ ভবন ফ্রিডম টাওয়ারের চূড়া থেকে নগরের সৌন্দর্য দেখার সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। গতকাল শুক্রবার থেকে গগনচুম্বী এ টাওয়ারের চূড়া দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। 

ভবনটির ১০০,১০১ ও ১০২ তলা থেকে দর্শনার্থীরা নিউইয়র্ক নগরের নিসর্গ দেখতে পারবেন। এ ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের জন্য ৩২ ডলার ও ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৬ ডলারে প্রতিটি টিকিট কিনতে হবে দর্শনার্থীদের। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও ওই সময় উদ্ধার কাজে অংশ নেওয়া লোকজন বিনা টিকিটে এখানে প্রবেশ করার সুযোগ পাবেন।
সন্ত্রাসী হামলায় ধসে পড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জায়গায় এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে ফ্রিডম টাওয়ার। এক হাজার ৭৭৬ ফুট উচ্চতার ১০৪ তলা ভবনটি উচ্চতায় বিশ্বের মধ্যে চতুর্থতম।
সেপ্টেম্বর ১১-এর সন্ত্রাসী হামলায় নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধসে পড়ে। ওই সময়কার টুইন টাওয়ার খ্যাত গ্রাউন্ড জিরোতে গড়ে উঠেছে এই ফ্রিডম টাওয়ার। ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার ব্যয়ে ফ্রিডম টাওয়ারের নির্মাণকাজ ২০০৬ সালে শুরু হয়েছিল।