নিউইয়র্ক নগরে পাবলিক টয়লেটের সংকট
নিউইয়র্ক নগরে পাবলিক টয়লেটের সংকট রয়েছে। নগরের যত্রতত্র পাবলিক টয়লেট না থাকায় সাবওয়ের টয়লেটের ওপর নির্ভরশীল থাকতে হয় নগরের ভ্রাম্যমাণ লোকজনকে। করোনা মহামারির কারণে পরিচ্ছন্নতার ওপর নজর দিতে গিয়ে বন্ধ হয়ে পড়ে আছে ট্রেন স্টেশনের টয়লেটগুলো। এসব কবে খুলবে তা কেউ জানে না। এ কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে ভ্রাম্যমাণ মানুষদের।
নিউইয়র্ক নগরে গৃহহীনদের ব্যবহারের জন্য আলাদা কোনো টয়লেট নেই। চাকচিক্যের নগরে গৃহহীন লোকজনের আধিক্য থাকলেও সর্ব সাধারণের ব্যবহারের জন্য কোনো পাবলিক টয়লেট নেই। ফার্স্ট ফুডের দোকানগুলোর মধ্যে ম্যাকডোনাল্ড, ডানকিন ডোনাটসহ এসব প্রতিষ্ঠানে টয়লেট থাকলেও সেখানে ‘কেবল ক্রেতাদের জন্য’ সাইনবোর্ড টাঙানো থাকে। নিদেনপক্ষে এক কাপ কফি না কিনলে টয়লেট ব্যবহারের সুযোগ দেওয়া হয় না।
নগরের সব ট্রেন স্টেশনেও পাবলিক টয়লেট নেই। মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটি (এমটিএ) সূত্রে জানা গেছে, নগরের ৭৬টি ট্রেন স্টেশনে পাবলিক টয়লেট আছে। গত বছরের মধ্য মার্চ থেকে কোভিড-১৯ মহামারি শুরু হওয়ায় সব বন্ধ রয়েছে। মহামারি থেকে বেরিয়ে ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও স্বাস্থ্য সতর্কতার জন্য অতিরিক্ত পরিচ্ছন্নতা মেনে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়েছে। এমটিএ জানিয়েছে, প্রতিদিন ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য সাড়ে তিন হাজার কর্মী নিয়োজিত আছেন।
ট্রেন স্টেশনের টয়লেটগুলো চালু করার জন্য অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন থাকায় এগুলো এখনো চালু করা হচ্ছে না।
রাইডার্স গ্রুপ নামের একটি সংগঠনের নেতা ডেনিস পিয়ারলস্টাইন বলেছেন, মানুষের ন্যূনতম প্রাকৃতিক প্রয়োজনের বিষয়টি নজরে রেখে এমটিএর দ্রুততার সঙ্গে টয়লেটগুলো চালু করা উচিত। প্রতিদিন লাখো লোকের চলাচলের নগরে প্রাকৃতিক কাজ সম্পন্ন করার এ ব্যবস্থা দ্রুততার সঙ্গে নিশ্চিত করার জন্য তিনি দাবি জানিয়েছেন।
নিউইয়র্ক নগরের গৃহহীনদের জন্য কাজ করা নাগরিক সংগঠনগুলোর মতে, পাবলিক টয়লেট শুধু নগরের ঝুঁকিপূর্ণ গৃহহীনদের জন্যই জরুরি নয়। পর্যটক, বাবা-মায়ের সঙ্গে চলাচলে থাকা শিশুদের জরুরি ব্যবহারের জন্য অপরিহার্য মনে করে অবিলম্বে সব পাবলিক টয়লেট ব্যবহার উপযোগী করা জরুরি বলে সংগঠনগুলো মনে করে।