নিউইয়র্ক নগরের কোনো ব্লক খালি থাকবে না
রেকর্ড সংখ্যক নির্মাণকাজের অনুমতিপত্র দেওয়ায় নিউইয়র্ক নগরের কোনো ব্লকই আর খালি থাকবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন। গৃহনির্মাণ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ বিগত ছয় মাসে ৮৮ হাজার ৮৩৮টি নির্মাণকাজের অনুমতিপত্র ইস্যু করেছে, যা অতীত ইস্যুকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি।
গৃহনির্মাণ বিভাগের কমিশনার রিক স্যান্ডলার এক বিবৃতিতে বলেন, ‘এটা আপনাদের কল্পনারও বাইরে, নিউইয়র্ক নগরে নির্মাণকাজ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’
নতুন ভবন নির্মাণ, ভবন ভেঙে ফেলা কিংবা পুনর্নির্মাণ অথবা পরিবর্তনের জন্য তৈরি গ্রাফিকস ও নকশা ইত্যাদির আলোকে চ্যান্ডলার বলেন, তাঁর বিভাগ ব্যাপকতর আধুনিকায়নে ওপর গুরুত্ব দিচ্ছে।
পরিসংখ্যান মতে, সেন্ট্রাল পার্কের নিচের দিকে নগরের মিড টাউনে সর্বাধিক নির্মাণ তৎপরতা চলছে। এ এলাকায় চলতি বছর এ পর্যন্ত ১৩ হাজার ৯৮টি অনুমতিপত্র দেওয়া হয়েছে। এর ফলে কোনো কোনো স্থানীয় বাসিন্দার কাছে বহু সংখ্যক আকাশচুম্বী ভবন দেখা কোনো বিস্ময়ের ব্যাপার নয়।
ম্যানহাটন কমিউনিটি বোর্ড ৫-এর ল্যান্ডমার্ক কমিটি এবং সেন্ট্রাল পার্ক সান সাইন টাস্কফোর্সের চেয়ারপারসন লায়লা ল-গিসিকো বলেন, ‘আমরা প্রত্যেক ব্লকেই নির্মাণকাজ দেখছি।’
ল-গিসিকো নগরীর অনুমতিপত্র প্রদানের প্রক্রিয়া দেখে তিনি সন্তুষ্ট। তিনি মনে করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব হবে প্রতিটি প্রকল্পের জন্য প্রদত্ত বর্তমান বিধিগুলো মেনে চলা। ভবন নির্মাণে পরিবেশ এবং পরিবর্তিত পরিবর্তনের সঙ্গে মিল রেখে জনসাধারণের সুযোগ-সুবিধার দিকেও নজর রাখতে হবে।
নিউইয়র্ক নগরীর দ্বিতীয় সর্বোচ্চ অনুমতিপত্র প্রদান করেছে আপার ইস্ট সাইড এলাকায়। এ সংখ্যা ছয় হাজার ৮৩২টি। এ এলাকার কাউন্সিলম্যান বেন ক্যালোস বলেন, তিনি অতি উন্নয়নের ব্যাপারে প্রতিদিনই অভিযোগ দায়ের করছেন এবং তিনি উদ্বিগ্ন যে, নগরী এমন বিপুল বাসিন্দাদের সংকুলান করার জন্য প্রস্তুত নয়। তিনি বলেন, এ এলাকায় যারা বসবাস করবেন তাদের জন্য বিদ্যালয়ে পর্যাপ্ত আসন নেই। সেকেন্ড অ্যাভিনিউ’এর সাবওয়ে ইতিমধ্যেই উপচেপড়া যাত্রীর ভিড়ে আক্রান্ত এবং আরও বেশি বেশি ট্রেন যুক্ত করা হচ্ছে।
অন্যদিকে ২০১৬ সালে মিডটাউন ইস্টে ইস্টে, বুশইউকে এবং গোয়ানুসে সর্বাধিক সংখ্যক ভবন ভাঙার অনুমতিপত্র দেওয়া হয়েছে। এর ফলে নতুন নতুন ভবন উঠবে। ফলে বাসিন্দাদের সংখ্যাও বেড়ে যাবে।
আবার গোয়ানুসে বেশ কিছু জায়গা আগে থেকেই শিল্প এবং উৎপাদনমুখী কারখানা বিদ্যমান ছিল। সেগুলোকে ভেঙে নতুন উৎপাদনমুখী প্রতিষ্ঠান পুনর্নির্মিত হচ্ছে।
নগর কর্তৃপক্ষের মতে উন্নয়নের পরিসংখ্যান সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে যা ৪৩ হাজার ২৫৮টি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
তবে চ্যান্ডলার বলেন, তার বিভাগ সংশ্লিষ্ট এলাকায় নির্মাণকর্মের কারণে সৃষ্ট শব্দের ব্যাপারে সচেতন রয়েছে এবং পরিস্থিতি উন্নয়নের ব্যাপারে মনোযোগ দিচ্ছে।