নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা পাঁচ বাংলাদেশিকে সংবর্ধনা
নিউইয়র্কের পুলিশ বিভাগে যোগদানকারী পাঁচ বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস।
বাংলাদেশি-আমেরিকান ওই পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন মাহবুবুর জুয়েল, জামান আসাদ, চৌধুরী ইফতেখার, চৌধুরী মোহাম্মদ ও আহমেদ ইশতিয়াক।
গত বুধবার রাতে নর্থ ব্রঙ্কসের কারি অ্যান্ড কাবাব রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওই পাঁচ পুলিশ কর্মকর্তাকে চৌকস কর্মকর্তা হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, নিউইয়র্ক সিটির পুলিশ কর্মকর্তাদের বিশ্বের সেরা কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে যাঁদের ভাষাগত সমস্যা রয়েছে, তাঁরা পুলিশি সেবায় বিশেষ লাভবান হবেন।
আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে ওই পাঁচ পুলিশ কর্মকর্তা বলেন, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতার মাধ্যমে নিউইয়র্ক সিটির পুলিশ বাহিনীতে সেরা কর্মকর্তা হিসেবে সেবা দেওয়ার চেষ্টা করবেন তাঁরা। এ জন্য প্রবাসীদের সমর্থন ও দোয়া কামনা করেন তাঁরা।
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সঞ্চালনায় ওই পাঁচ পুলিশ কর্মকর্তা, অ্যাসেম্বলিম্যান হোজে রিভেরা, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, কমিউনিটি কর্মী হেলাল চৌধুরী বক্তব্য দেন।
এ সময় বাংলাদেশ কমিউনিটির নেতারা, আয়োজক সংগঠনের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এবারের ফোর্থ জুলাইয়ের বর্ণাঢ্য উৎসবে নিরাপত্তা তৎপরতার মধ্য দিয়ে ১০ বাংলাদেশিসহ ৪০৮ পুলিশ কর্মকর্তা নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব নেন। পুলিশ একাডেমিতে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের পর স্বাধীনতা দিবসের দিন ম্যানহাটনে মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁরা নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে অভিষিক্ত হন।