নিউইয়র্ক পুলিশের গাড়ি চুরি
নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা যাদের, নিউইয়র্কে তাদেরই এখন নিরাপত্তা নেই। নগরীতে অপরাধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশের গাড়িও চুরি হয়ে যাচ্ছে।
অপরাধীরা নিউইয়র্ক পুলিশের গাড়ি চুরি করে দূরে নিয়ে গেয়ে গাড়ির সব যন্ত্রপাতি খুলে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বলেও জানা গেছে।
১৯ জানুয়ারি রাতে নগরীর ব্রঙ্কসের ইস্ট ১৬৭ স্ট্রিটে নিউইয়র্ক পুলিশের বিশেষ অপরাধ বিভাগের একটি গাড়ি পার্ক করা ছিল। ওই রাতেই গাড়িটি চুরি হয়। তল্লাশি চালানোর একপর্যায়ে কিছু দূরে গাড়িটির বডি পাওয়া যায়। অপরাধীরা গাড়ির আসনসহ সব যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে।
পুলিশ জানায়, সড়কের সিসি ক্যামেরায় দেখা গেছে, চুরি করে নিয়ে যাওয়ার পর চারজনের একটি দল বেশ সময় নিয়েই গাড়ির যন্ত্রপাতি খুলছে। এরপর নিজদের মধ্যে ওই যন্ত্রপাতি ভাগাভাগি করে নিয়ে তাঁরা চলে যায়।
পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা নিউইয়র্ক পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।