নিউইয়র্ক পুলিশের নাগরিক হেনস্তার কারণ তাহলে এই
নিউইয়র্ক শহরের পুলিশ বিভাগের কর্মকর্তাদের মূল্যায়নের ক্ষেত্রে তল্লাশির সংখ্যাকে বিবেচনায় নেওয়া হয়। এ কারণে অনেক নাগরিককেই হেনস্তার শিকার হতে হয়। এই অবস্থায় সংখ্যা নয়, বরং আইনানুগ তল্লাশিকেই উৎসাহিত করতে এবং বিষয়টি তদারকিতে আদালত নিযুক্ত পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হয়েছে। ৬ নভেম্বর ম্যানহাটনের ফেডারেল আদালত এই অনুমোদন দেন।
রয়টার্স জানায়, গত ২০ অক্টোবর এ–বিষয়ক আদালত নিযুক্ত পর্যবেক্ষক পিটার জিমরোথ একটি সুপারিশ করেন। সে সময় পুলিশ বিভাগের কর্মকর্তাদের মূল্যায়নে কিছু ‘ইতিবাচক পরিবর্তন’ আনার কথা বলেন তিনি। ৬ নভেম্বর জিমরোথের করা সুপারিশ গ্রহণ করে পুলিশ কর্মকর্তাদের মূল্যায়নে তল্লাশি সংখ্যার বদলে এর আইনি ভিত্তিকে বেশি গুরুত্ব দেওয়ার আদেশ দেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ আনালিসা টোরেস।
নিউইয়র্ক পুলিশ বিভাগে ‘স্টপ অ্যান্ড ফ্রিস্ক’ নীতি গ্রহণের পর ২০১৩ সালে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হন জিমরোথ। সে সময় পুলিশ বিভাগের কর্মকর্তাদের মূল্যায়নে নতুন এ পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ পদ্ধতি অনুযায়ী পথেঘাটে পুলিশ কর্মকর্তাদের পরিচালিত তল্লাশির সংখ্যাকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সমালোচকদের মতে, এ পদ্ধতির কারণে অনেকেই পুলিশের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। পরবর্তীকালে এ পদ্ধতিকে অসাংবিধানিক ঘোষণা করেন তৎকালীন ইউএস ডিস্ট্রিক্ট জাজ শিরা শিন্ডলিন।
৬ আগস্ট দেওয়া আদেশে শিন্ডলিনের পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন টোরেস। তাঁর মতে, বেশি বেশি তল্লাশির জন্য পুলিশ বিভাগ থেকে যে চাপ দেওয়া হয়, তা অনেক নাগরিকেরই হেনস্তার কারণ হয়ে দাঁড়ায়। এটি তল্লাশির সংখ্যা বাড়ালেও আইনশৃঙ্খলার তেমন কোনো উন্নতি করছে না। একই সঙ্গে এটি কর্মকর্তাদের মূল্যায়নের অন্যতম ভিত্তি হওয়ায় তা একধরনের বিশৃঙ্খলার জন্ম দেয়। নিউইয়র্ক পুলিশ এ দুই ধরনের চাপ অপসারণের জন্য উদ্যোগ নিয়েছে বলে মনে হচ্ছে।’
টোরেস তাঁর আদেশে বলেন, জিমরোথের উচিত হবে এ দুই চাপ যেন পুলিশ কর্মকর্তাদের ওপর আবার চেপে না বসে।