
জুন ক্লিভারের মতো বাসায় বসে টিভি-মম হওয়ার জমানায় এক নারী রাস্তায় পকেটমারদের শায়েস্তা করছেন, আবার শার্লক হোমসের মতো সেয়ানা গোয়েন্দাগিরি করছেন-একজন ‘মহিলা’ হয়ে ভাবা যায়! এই কাজটিই করেছেন মেরি ফিৎজেরাল্ড। তাও ৬৬ বছর আগে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) অবসরপ্রাপ্ত একজন গোয়েন্দা কর্মকর্তা ফিৎজেরাল্ড। সম্প্রতি পালন (১৭ জানুয়ারি) করলেন তাঁর ৯৫তম জন্মবার্ষিকী। কিন্তু তাঁর সময়ে পুলিশে তিনি শুধুই একজন সাধারণ চাকুরে ছিলেন না, রীতিমতো এই নারী মার্কিন পুলিশের জীবন্ত কিংবদন্তি।
১৯৫২ সালে পুলিশে যোগ দিলেন যখন, তখন নারীরা পুলিশে কাজ করবে আমেরিকার মতো দেশেও সেটি ভাবা যেত না। আর কল্পকাহিনীতে একজন নারী গোয়েন্দার চরিত্র লিখতে গোয়েন্দা কাহিনীকারকেও খুব কষ্ট-কল্পনারই আশ্রয় নিতে হতো। সেখানে ১৯৫৯ সালেই ফিৎজেরাল্ড পদোন্নতি পেয়ে হলেন প্রথম নারী গোয়েন্দা কর্মকর্তা এবং ১৯৬৮ সালেই উন্নীত হলেন প্রথম দ্বিতীয় গ্রেডের নারী গোয়েন্দায়। ১৯৮৩ সালে ষাট বছর বয়সে ফিৎজেরাল্ড যখন অবসরে গেলেন, ইতিমধ্যে হয়ে গেছেন ইতিহাসের অংশ।
পুলিশ বিভাগে কাজ করার কথা কীভাবে মাথায় এল? ক্ষুরধার মস্তিষ্কের ফিৎজেরাল্ডের উত্তর, ‘ভাবলাম পুলিশের চাকুরী নেহাত মন্দ হবে না। নিশ্চয়ই নতুন একটা কিছু করার আনন্দ পাব। পরে অবশ্য সে ভাবনাটি বিফলে যায়নি।’
কাজে বেরোবার আগে ফিৎজেরাল্ড সচরাচর যেসব জিনিস চেক করে নিতেন, তার মধ্যে আছে তাঁর ঢাউস সাইজের হাতব্যাগটি, চাবির গোছা, মেক-আপ ঠিক আছে কিনা আর অতি অবশ্যই পয়েন্ট থার্টি এইট রিভলবারটি। সে সময়ের সমাজে একজন নারীর জন্য ব্যাপারটা রোমাঞ্চকরই বটে!
আজন্ম নিউইয়র্কের বাসিন্দা ফিৎজেরাল্ড নীল চোখের মণি বলে নীল নয়না বললে অত্যুক্তি হয় না। কিন্তু দুর্ধর্ষ সব অপারেশনে নেতৃত্ব দিয়েছেন। সুরক্ষা দিয়েছেন সে সময়ের ডজনেরও অধিক হাই ভোল্টেজ রাজনৈতিক ব্যক্তিত্বদের। সে তালিকায় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার, স্পেনের রানি সোফিয়া এবং মার্কিন ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি, লেডি বার্ড জনসন ও ন্যান্সি রিগ্যানের মতো হেভিওয়েটরাও আছেন।
মেরি ফিৎজেরাল্ড তাঁর সব থেকে প্রিয় স্মৃতির উল্লেখ করে নিউইয়র্ক ডেইলিকে বলেন, প্রেসিডেন্ট কেনেডি একবার নিরাপত্তা বাহিনীতে হঠাৎ ফিৎজেরাল্ডকে দেখে চমকে উঠেছিলেন। কেনেডি তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তোমার পরিচয়? এখানে কী কাজ কর?’ ফিৎজেরাল্ড উত্তর করলেন, ‘আমি ইন্টেলিজেন্স কর্মকর্তা মেরি ফিৎজেরাল্ড।’ সেই উত্তরের পর প্রেসিডেন্টের চোখে যে বিস্ময় মাখানো শ্রদ্ধা দেখেছিলেন, তার নস্টালজিয়া কী সহজে ভোলার!
গত বছর নিউইয়র্ক পুলিশের নিয়োগে ৪৩৮ জনই নারী, যাঁদের ৩০ জনই আবার কৃষ্ণাঙ্গ। এনওয়াইপিডির দপ্তরে জন্মদিনের উৎসবে এসে ফিৎজেরাল্ড নতুন প্রজন্মের কপদের উদ্দেশ্যে বলেন, তাঁর বোনা বীজ থেকে এমন শত শত ফিৎজেরাল্ড যে আজ প্রস্ফুটিত হচ্ছেন, তাও আবার আমেরিকার সব শ্রেণির সমাজ থেকে, তা ভাবতেই গর্বে বুকটা ভরে ওঠে।