নিউইয়র্ক পুলিশের ৩৬ হাজার স্মার্টফোন অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক পুলিশের উপকমিশনার (তথ্যপ্রযুক্তি) জেসিকা টিশ
নিউইয়র্ক পুলিশের উপকমিশনার (তথ্যপ্রযুক্তি) জেসিকা টিশ

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের কাছে থাকা ৩৬ হাজার স্মার্টফোন অকেজো হয়ে পড়েছে। মাত্র দুই বছর আগে পুলিশ সদস্যদের দেওয়া এসব স্মার্টফোন এখন বিভাগটির দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র দুই বছরের ব্যবধানে এসব স্মার্টফোন অকেজো ও হালনাগাদকরণের অনুপযুক্ত হয়ে পড়েছে।
এ তথ্য জানিয়ে নিউইয়র্ক পোস্ট লিখেছে, দুই বছর আগে শহর কর্তৃপক্ষ ১৬০ মিলিয়ন ডলারের বিনিময়ে মাইক্রোসফট-ভিত্তিক এসব স্মার্টফোন ক্রয় করে পুলিশ বিভাগের জন্য। কিন্তু সর্বশেষ সেটটি হস্তান্তরের কয়েক মাসের মধ্যেই এসব স্মার্টফোন বদলে আইফোন নেওয়ার বিষয়টি সামনে আসে। ঘটনার শুরু মাইক্রোসফটের একটি ঘোষণার মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটি সে সময় জানিয়েছিল যে তারা তাদের কয়েকটি মডেলের জন্য অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট করা বন্ধ করছে। আর এসব মডেলের মধ্যে নিউইয়র্ক পুলিশের জন্য কেনা মডেলও ছিল।
অবশ্য শুরু থেকেই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা নিউইয়র্ক পুলিশের মাইক্রোসফট-ভিত্তিক নোকিয়া স্মার্টফোন ক্রয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের মতে, এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অথবা অ্যাপলের আইওএসভিত্তিক স্মার্টফোন অনেক ভালো বিকল্প হতে পারত।
গত বছরের অক্টোবরে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে বলা হয়, ‘নিউইয়র্ক পুলিশের উইন্ডোজ ফোন কেনার সিদ্ধান্তটি খুবই বিস্ময়কর। কারণ মার্কিন স্মার্টফোন বাজারের ৬৫ দশমিক ২ শতাংশই অ্যান্ড্রয়েডের দখলে। আর ৩০ দশমিক ৯ শতাংশ রয়েছে আইওএসের অধীনে। এর বিপরীতে উইন্ডোজ ফোনের আওতায় রয়েছে বাজারের মাত্র ২ দশমিক ৩ শতাংশ।’ একই মত ব্যক্ত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও।
দুই বছর আগে নিউইয়র্ক পুলিশ নকিয়ার দুটি মডেলের ফোন কেনে। এগুলো হচ্ছে লুমিয়া ৮৩০, যা ২০১৪ সালে প্রথম বাজারে আসে। আর ছিল লুমিয়া ৬৪০এক্সএল, যা বাজারে আসে ২০১৫ সালে। একই সময়ে অ্যাপলের আইফোন৬ বাজারে এসেছিল, যা এখনো যথাযথভাবে সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও কেন নকিয়াকেই বেছে নিল নিউইয়র্ক পুলিশ, তা এখনো বোধগম্য নয়।
এ জন্য আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নিউইয়র্ক পুলিশের উপকমিশনার (তথ্যপ্রযুক্তি) জেসিকা টিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। কারণ তিনিই পুরো বিষয়টি দেখভাল করেছিলেন। তবে এ ক্ষেত্রে অন্য মতও রয়েছে। তাঁদের বক্তব্য হচ্ছে, কোনো একক ব্যক্তি ৩৬ হাজার ফোন ক্রয়ের মতো একটি বিষয়ের জন্য এককভাবে দায়ী হতে পারেন না। কারণ এ ক্ষেত্রে অবশ্যই বিভাগটির নিজস্ব দক্ষ ও অভিজ্ঞ লোক থাকার কথা।
এ বিষয়ে নিউইয়র্ক পুলিশের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, জেসিকা টিশ ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।