নিউইয়র্ক ফ্লাইট ফের চালুর চেষ্টা অব্যাহত: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট আবার চালু করার ব্যাপারে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তবে ঠিক কবে নাগাদ এই ফ্লাইট চালু করা সম্ভব হবে, তা জানাতে পারেননি তিনি।
নিউইয়র্ক সফররত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গত মঙ্গলবার প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানিয়েছেন।
প্রবাসীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, নিউইয়র্কে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির সঙ্গে মতবিনিময়কালে রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু করা নিয়ে প্রবাসীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী অবগত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আরোপিত নিরাপত্তার শর্ত পূরণ করতে না পারাটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জন এফ কেনেডি বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর জন্য নিরাপত্তামানের উন্নয়নের শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই শর্তের মধ্যে বেশ কিছু ইতিমধ্যে পূরণ করা সম্ভব হয়েছে বলে দাবি মন্ত্রীর।
রাশেদ খান মেনন বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তামান উন্নয়নের বাকি কাজও সম্পন্ন করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিরীক্ষা দল বিষয়টি পরিদর্শনে যাবে। তাদের অনুমোদনের পরই নিউইয়র্কের সঙ্গে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
দাবির বিষয়ে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
বাংলাদেশের পর্যটনশিল্পের প্রসারে ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান রাশেদ খান মেনন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা তাঁদের পরিবার নিয়ে বাংলাদেশে পর্যটনে যেতে পারেন। এতে বিদেশিরাও উৎসাহিত হবে।