নিউইয়র্কে বাংলাদেশিদের কেন্দ্রস্থল জ্যাকসন হাইটস। আমেরিকায় ২০১৩ সালের ২৬ মার্চ পা রাখার পর থেকে প্রায় প্রতিদিন বিকেলে একবার আসি এখানে। আড্ডায় পরিচিত হই নতুন মানুষের সঙ্গে। খোঁজে পাই পূর্ব-পরিচিতদেরও। কেউ কাউকে ফোন না দিয়ে এলেও আড্ডায় মানুষ হয়ে যায় জনাদশেক। কিছুদিন বিরতির পর ২০১৩ সালের ২৪ মে শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসে এসে অপরিচিত লাগে জায়গাটি! পরিচিত মানুষজনের কোনো খোঁজ নেই। অপরিচিত মানুষও খুব একটা দেখা যাচ্ছে না। ঝড়ের পর প্রকৃতি যেমন এক প্রকার নির্বিকার নীরবতা পালন করে, জ্যাকসন হাইটসের অবস্থাও হয়েছে তেমন। কোনো উপায় না দেখে স্থানীয় এক রেস্তোরাঁর কর্ণধার হারুন ভূঁইয়াকে জিজ্ঞেস করলাম, ‘লোকজন সব গেল কই?’ মন খারাপ করা মুখ নিয়ে তিনি বললেন, ‘আজ তো বইমেলা শুরু হবে, তাই এদিকে মানুষ কম।’
‘কই বইমেলা সম্পর্কে কেউ তো কিছু বলল না?’ আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘বইমেলার কথা সবাই জানে, তাই হয়তো কেউ কিছু বলেনি। মেলায় গিয়ে সবাইরে পাবেন।’ বুঝতে পারলাম ভালো বিষয় একবার ঠিকমতো প্রচার পেলেই হয়। ভালো জিনিস নিজেই নিজের প্রচার করে এগিয়ে যায়। তাঁর মুখে বইমেলার কথা শুনতেই মনে পড়ল, বাংলাদেশে এই বইমেলার কথা অনেক শুনেছি। কথা না বাড়িয়ে বইমেলার ঠিকানা নিয়ে রওনা দিলাম।
আমেরিকায় নতুন বলে অ্যাস্টোরিয়ার পিএস ১১২ স্কুলটিতে পৌঁছাতে বেশ বেগ পেতে হলো। স্কুলটির কাছে গিয়ে আমেরিকা, বাংলাদেশ, ভারত ও কানাডার পতাকা এবং বড় ব্যানার, ফেস্টুন দেখে মনটা ভালো হয়ে গেল। বাইরে কোনো মানুষ নেই। কোনো শব্দও নেই। অবাক হয়ে সংকোচ নিয়ে স্কুলে প্রবেশ করতেই দেখি লোকে লোকারণ্য। বাঙালি পোশাকে এত মানুষ একসঙ্গে এর আগে আমেরিকার কোথাও দেখিনি। এত মানুষ, অথচ বাঙালির চিরায়ত সেই ‘চিৎকার-চেঁচামেচি’ নেই। অভূতপূর্ব!
ভেতরে প্রবেশ করতেই দেখলাম মঞ্চে বাংলা সাহিত্য-সংস্কৃতির স্বনামধন্য সব ব্যক্তিত্বগণ। ২২তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা; তাই ২২টি প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন প্রিয় কবি নির্মলেন্দু গুণ। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন বাংলাদেশসহ বিভিন্ন শহর থেকে আগত ২২জন অতিথি। স্বাগত বক্তব্য দিলেন মেলার আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত নাট্যজন জামাল উদ্দিন হোসেন। পরে একে একে বক্তব্য রাখেন কবি নির্মলেন্দু গুণ, লেখক ও সাংবাদিক আনিসুল হক। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির ভিসি উইনস্টন ই ল্যাংলে। পিএস-১১২ স্কুলের অধ্যক্ষ রাফায়েল কাম্পোস। মুক্তিযোদ্ধা ড. নুরুননবী ও তৎকালীন জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। মানুষ মন্ত্রমুগ্ধের মতো তাঁদের কথা শুনছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সবাই বের হলেন বইয়ের স্টল দেখতে। বাংলাদেশ থেকে নতুন সব বই নিয়ে এসেছে আগামী প্রকাশনী, অনন্যা, সময় প্রকাশন, বিদ্যাপ্রকাশ, শিখা প্রকাশনী, বাংলাপ্রকাশ, স্টুডেন্ট ওয়েজ, নজরুল ইনস্টিটিউট। পশ্চিমবঙ্গ থেকে এসেছে আনন্দ পাবলিশার্স, সাহিত্যম, পত্রভারতী ও বিশ্বভারতী। নিউইয়র্কের প্রকাশনীর মধ্যে ছিল মুক্তধারা ও লেবুভাই ফাউন্ডেশন। বইমেলায় শাড়ি-গয়নার স্টল দেখে হতবাক হয়েছি। বইয়ের সঙ্গে শাড়ি-গয়নার সম্পর্ক কী? পরে জানতে পারি তাতে নাকি দর্শক বাড়ে! জনপ্রিয় অনেক মানুষের সমাগম হয়েছে এখানে। অনেকেই ব্যস্ত তাঁদের সঙ্গে কথা বলা ও ছবি তোলায়। এই ভিড়ে গা ভাসিয়ে না দিয়ে চলে গেলাম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। তিন প্রজন্মের সংগীত শিল্পী নিয়ে ‘এক সূত্রে বাঁধা’ শিরোনামের সংগীতানুষ্ঠানে গান করেন পণ্ডিত রামকানাই দাস, তাঁর মেয়ে কাবেরী দাস ও নাতনি শ্রুতিকণা দাস। দর্শক মুগ্ধ হয়ে শোনে। বাংলাদেশের জনপ্রিয় নাট্য দম্পতি জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেনের অংশগ্রহণে মঞ্চস্থ হয় ‘জাগরণ’ নামের একটি নাটক। নাট্যজন অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদকে সম্মাননা প্রদান করা হয় উৎসবের প্রথম দিনের শেষ আয়োজনে।
তিন দিনব্যাপী এ বিশাল আয়োজনে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কয়েকটি সংগঠনসহ কানাডার টরন্টো থেকে বেশ কয়েকজন কণ্ঠশিল্পী ও আবৃত্তিশিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। নির্বাসিত কবি দাউদ হায়দার, সংগীত শিল্পী আপেল মাহমুদ, সাংবাদিক নাঈমুল ইসলাম খানসহ অনেক গুণীজন এতে আমন্ত্রিত হয়ে আসেন। তিন দিনের এ আয়োজনে ছিল নতুন বইয়ের মোড়ক উন্মোচন, এপার-ওপার বাংলার কবি-লেখকের অংশগ্রহণে আলাপচারিতা, লেখক-প্রকাশক মুখোমুখি ও লেখক-পাঠক মুখোমুখি অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নাটক, সংগীতানুষ্ঠান ও গানের কর্মশালা। ছিল নানা বিষয়ে সেমিনার। শিশু-কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা। নিউইয়র্কে বেড়ে ওঠা আগামী প্রজন্মের বাংলা লিখন প্রতিযোগিতা। কী নেই এ উৎসবে! এত এত বিষয় নিয়ে এমন মহা কর্মযজ্ঞ বাংলাদেশেও খুব একটা চোখে পড়ে না। ডা. জিয়াউদ্দীন আহমেদ, সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক ফেরদৌস সাজেদীন, সাংবাদিক হাসান ফেরদৌসের মতো গুণীজনেরা পেছনে ছিলেন বলেই এ ধরনের সফল উৎসব করা সম্ভব হয়েছে বাংলাদেশ থেকে ৮ হাজার মাইল দূরের এই প্রবাসে। তবে চারটি দেশের গুটিকয়েক মানুষের অংশগ্রহণকে কেন্দ্র করে ‘আন্তর্জাতিক’ নামকরণটি আমার মতো অনেকেরই মনে প্রশ্ন তৈরি করেছে।
পত্রিকায় পড়ে ও মানুষের কাছে শুনে জেনেছি মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। আশ্চর্যের বিষয় তাঁকে কোনো বইমেলায়, কোনো দিন বক্তব্য দিতে দেখিনি। এ বইমেলা দেখে অনুপ্রাণিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা একই আঙ্গিকের বইমেলার আয়োজন করে চলেছেন, যা সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। আগামী প্রজন্মকে প্রাণিত করে বাংলা চর্চায়। এমন মহৎ উদ্যোগে বাংলাদেশ সরকার যদি অনুদান দিয়ে পাশে থাকত, তবে তা এত দিনে সত্যিকার অর্থেই ‘আন্তর্জাতিক বাংলা বইমেলা’ হয়ে উঠত।
লেখক: নাট্যকার ও সাংবাদিক