নিউইয়র্ক বইমেলা ১৪-১৬ জুন
এ বছর ১৪-১৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ তম নিউইয়র্ক বাংলা বইমেলা। তিন দিনব্যাপী এই বইমেলায় এবারেও বাংলাদেশ ও পশ্চিম বাংলার সেরা লেখক, প্রকাশক ও শিল্পীরা যোগ দেবেন। এ ছাড়া উত্তর আমেরিকা ও বহির্বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাভাষী লেখক ও সাহিত্যমোদী উপস্থিত থাকবেন।
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক বাংলা বইমেলা এ বছর ২৮ বছরে পড়েছে। এটিই বাংলাদেশ ও ভারতের বাইরে সবচেয়ে বড় ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বাংলা বইমেলা। এ বছর বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। প্রতিবছরের মতো এবারেও বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একজন লেখককে মুক্তধারা/জেএফবি পুরস্কার দেওয়া হবে, যার মূল্যমান ২০০০ মার্কিন ডলার। মেলায় প্রকাশকদের মধ্যে একজন সেরা প্রদর্শনী ও ব্যবস্থাপনা নৈপুণ্যের জন্য মুক্তধারা/ কথাপ্রকাশ পুরস্কারে ভূষিত হবেন। এই পুরস্কারের মূল্যমান বাংলাদেশি অর্থে ৫০,০০০ টাকা। এ ছাড়া এ বছর প্রথমবারের মতো উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি লেখকদের ২০১৯ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘সেরা গ্রন্থ’কে আলাদাভাবে পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের মূল্যমান ৫০০ ডলার।
মেলা বসবে জ্যাকসন হাইটসের পিএস৬৯ হাই স্কুলে। ১৪ জুন আয়োজিত হবে বইমেলার ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা; যা ডাইভার্সিটি প্লাজা থেকে শুরু হয়ে শেষ হবে বইমেলা প্রাঙ্গণে।
বইমেলার খবর জানতে চোখ রাখুন www.ibanglautsab.org এই ঠিকানায়, অথবা সরাসরি যোগাযোগের জন্য ৩৪৭-৬৫৬-৫১০৬—এই ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।