নিউইয়র্ক বইমেলার অগ্রগতি নিয়ে প্রস্তুতি কমিটির সভা

নিউইয়র্কের জ্যাকসন হাইটেসের একটি রেস্তোরাঁয় ৭ জানুয়ারি ২৭তম নিউইয়র্ক বইমেলার প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বইমেলার আহ্বায়ক ড. নূরন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিউইয়র্ক বইমেলায় আগত প্রকাশকদের মধ্য থেকে ‘প্রকাশনা পুরস্কার’ প্রদান, ফেসবুকে নিউইয়র্ক বইমেলার পেজ তৈরি করা, সাহিত্যিক সমরেশ মজুমদার ও কবি আসাদ চৌধুরীকে বইমেলায় অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আহ্বায়ক ড. নূরন নবী বইমেলার বিভিন্ন অগ্রগতির কথা সভায় তুলে ধরেন। বাংলাদেশে সফরকালীন বিভিন্ন লেখক-প্রকাশকের সঙ্গে তাঁর যোগাযোগ এবং নিউইয়র্ক বইমেলা নিয়ে নানাজনের আগ্রহের কথা তিনি সভায় তুলে ধরেন। প্রাবন্ধিক সাংবাদিক হাসান ফেরদৌস ফেসবুকে নিউইয়র্ক বইমেলার পেজ তৈরি করা, ‘প্রকাশনা পুরস্কার’ প্রদানের নিয়মকানুন প্রণয়ন এবং বইমেলার বাজেট বিষয়ে তাঁর মতামত তুলে ধরেন।
সাংবাদিক নিনি ওয়াহেদ তুলে ধরেন বইমেলার গৌরবময় বিষয়গুলোর সঙ্গে আরও নতুন নতুন ধারণা যুক্ত করার কথা।
সভায় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক বইমেলায় ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার’ প্রদান করার প্রস্তাব রাখেন বিশ্বজিৎ সাহা। নিউইয়র্ক বইমেলায় বাংলাদেশ থেকে যেসব প্রকাশনা সংস্থা নিউইয়র্ক বইমেলায় যোগ দেবে তাদের পাঠানো বইয়ের একটি তালিকা আমেরিকার পাঠকদের কাছে পৌঁছানোর বিষয়টিও তিনি কমিটির কাছে তুলে ধরেন। ফেসবুকে নিউইয়র্ক বইমেলার পেজ সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়েছে আহমাদ মাযহার ও আদননান সৈয়দকে।
আগামী ২২, ২৩ ও ২৪ জুন নিউইয়র্ক বইমেলার ২৭ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আহ্বায়ক কমিটির ওই সভায় আরও বক্তৃতা করেন আহমাদ মাযহার, এ বি এম সালেহ উদ্দীন, লুবনা কাইজার, ইশতিয়াক রূপু প্রমুখ।
সভায় শিশু-কিশোর মেলার সর্বশেষ অবস্থা নিয়ে বক্তৃতা করেন আহ্বায়ক সেমন্তী ওয়াহেদ। শিশু-কিশোরদের নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করা ও নিজেদের প্রতি আস্থা অর্জনের উদ্দেশ্যে গত বছর থেকে মুক্তধারা ফাউন্ডেশন বইমেলা থেকে পৃথক করে শিশু-কিশোর মেলার আয়োজন শুরু করে। এর আগে ১৯৯২ সালে বইমেলা থেকেই শুরু হয় শিশু-কিশোরদের বাংলা লিখনসহ বিভিন্ন প্রতিযোগিতা। এ বছর এখানে বেড়ে ওঠা শিশু-কিশোরেরাই আয়োজন করছে এই মেলা। প্রতিযোগিতার বিষয় নির্বাচন, কমিটির সদস্য নির্ধারণ, মহড়ার স্থান নির্বাচন, অনুষ্ঠান পরিকল্পনা ইত্যাদি সব বিষয়ই সিদ্ধান্ত নিচ্ছে নতুন প্রজন্মের সদস্যদের নিয়ে গঠিত ২২ সদস্যের আহ্বায়ক কমিটি। শিশু কিশোর মেলা অনুষ্ঠিত হবে ১৭ মার্চ জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য তমিজউদদীন লোদী, রানু ফেরদৌস, সাবিনা হাই উর্বী, নাসরিন চৌধুরী, ওবায়দুল্লা মামুন, শফি চৌধুরী হারুন, জেবু চৌধুরী, রওশন হাসান, মোশারফ হোসেইন, মাকুসদা আহমেদ, উইলী মুক্তি, পারভীন সুলতানা, রিমি রুম্মান, শুভ রায়, মিশুক সেলিম, ভায়লা সেলিনা, আলেয়া চৌধুরী প্রমুখ।