নিউইয়র্ক বইমেলায় আসছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

নিউইয়র্ক বইমেলায় যোগ দিচ্ছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে এবার বসছে বাংলা বইমেলার ২৮তম আসর। জ্যাকসন হাইটসের পি এস ৬৯-এ আগামী ১৪-১৬ জুন এ বইমেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৭ জুন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শুধু বইয়ের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য পার্শ্ববর্তী জুইশ সেন্টারে থাকছে আলাদা আয়োজন।
সবার জন্য উন্মুক্ত এ মেলায় যোগ দিচ্ছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি ১৬ জুন সংগীত পরিবেশন করবেন। একই দিন রবীন্দ্র সংগীত বিষয়ে এক কথোপকথনেও অংশ নেবেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত এ শিল্পী এ নিয়ে চতুর্থবারের মতো এ মেলায় অংশ নিচ্ছেন।
এদিকে ১৯ মে জ্যাকসন হাইটসে মুক্তধারা কার্যালয়ে বইমেলা প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. জিয়াউদ্দীন আহমেদ ছাড়াও ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন। সভায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা কমিটির কাছে বইমেলার প্রতিবেদন পেশ করেন। এ ছাড়া অতিথি তালিকা, পুরস্কারের নীতিমালা, খসড়া অনুষ্ঠানসূচি প্রণয়নসহ তহবিল সংগ্রহ নিয়ে আলোচনা হয়। মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা ও তহবিল কমিটির চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া ও তহবিল কমিটির সদস্য ড. ফাতেমা আহমেদ অর্থ সংগ্রহের তথ্য জানান। মেলার আগে প্রতি রোববার বিকেল ৩টায় প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় সভায়।