নিউইয়র্ক বইমেলায় যোগ দিচ্ছেন সেলিনা হোসেন

নিউইয়র্ক বইমেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত ঔপন্যাসিক সেলিনা হোসেন। তিনি ১৩ জুন নিউইয়র্ক এসে পৌঁছাবেন।
‘হাঙর নদী গ্রেনেড’ ও ‘পোকামাকড়ের ঘরবসতি’র মতো বিখ্যাত উপন্যাসের লেখক সেলিনা হোসেন এর আগে ২০১৭ সালে বইমেলায় যোগ দিয়েছিলেন।
এ ছাড়া অন্য যেসব লেখক আসবেন বলে নিশ্চিত করেছেন তাঁদের মধ্যে রয়েছেন—বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, কবি সাজ্জাদ শরিফ ও কথাসাহিত্যিক আনিসুল হক। বিখ্যাত লেখক সমরেশ মজুমদার আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর পারিবারিক সূত্রে বলা হয়েছে, তিনি আসতে খুবই আগ্রহী। কিন্তু সবই নির্ভর করবে যাত্রার পূর্ব মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা।
১৪ থেকে ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ২৮তম নিউইয়র্ক বাংলা বইমেলা। প্রথম তিন দিন জ্যাকসন হাইটসের পিএস ৬৯-এ ও চতুর্থ দিন ঠিক পাশে অবস্থিত জুইশ সেন্টারে মেলা বসবে। চতুর্থ দিনটি আলাদা করে রাখা হয়েছে শুধু বই বিক্রির জন্য। এবারের বইমেলায় ঢাকা থেকে ১১ জন প্রকাশক আসছেন বলে নিশ্চিত করেছেন।
বইমেলায় যারা কবিতা পড়তে চান ও নতুন বইয়ের আলোচনায় অংশ নিতে চান তাঁদের শিগগির মুক্তধারা ফাউন্ডেশনের ইমেইলে ([email protected]) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।