নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব স্বীকৃতি পেল গ্রেস মেংয়ের

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং বাংলাদেশি সংবাদকর্মীদের স্থানীয় একটি প্রেসক্লাবকে স্বীকৃতি দিয়ে প্রক্লেমেশন দিয়েছেন। ৮ জানুয়ারি গ্রেস মেংয়ের কার্যালয়ে প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসের হাতে তুলে দেন এই প্রক্লেমেশন।
স্বীকৃতিপত্র হস্তান্তরের সময় সাংবাদিক হাসানুজ্জামান সাকী, কাজী সিরাজসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং কমিউনিটিকে আরও শক্তিশালী করে তুলতে কংগ্রেসওম্যান গ্রেসির সহযোগিতা চান। গ্রেস মেং তাঁর বক্তব্যে যেকোনো প্রয়োজনে বাংলাদেশি কমিউনিটি ও সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিউইয়র্কে সাংবাদিকদের প্রথম সম্মিলিত প্রতিষ্ঠান ছিল এই একটি প্রেসক্লাবই। অবশ্য দলাদলির কারণে পরে নিউইয়র্কে আরও একাধিক প্রেসক্লাব তৈরি হয়েছে।