নিউইয়র্ক বিমানবন্দরে আটক দুই ইরাকির মুক্তির দাবিতে মামলা
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে আটক দুই ইরাকি শরণার্থীর মুক্তি দেওয়ার দাবি জানিয়ে নিউইয়র্কের একটি আদালতে মামলা করেছে মানবাধিকার সংগঠনগুলো।
আটক দুই শরণার্থীর একজন মার্কিন সেনাবাহিনীতে দোভাষীর কাজ করেছেন। শুক্রবার নির্বাহী আদেশে সই করার দিন তাঁদের আটক করা হয়।
মানবাধিকার সংস্থা জাতীয় অভিবাসন আইন কেন্দ্র (এনআইএলসি) বিবিসিকে জানিয়েছে, ওই দুজনের মুক্তির ব্যাপারে তারা মামলা করতে যাচ্ছে। সংস্থাটি ওই দুজনের একজন মার্কিন সেনাবাহিনীতে দোভাষীর কাজ করা হানিদ খালিদকে সাহসী বলে বর্ণনা করেছে। আটক আরেকজন হায়দার সামির সম্পর্কে তারা বলছেন, মার্কিন সেনাবাহিনীকে সাহায্য করার জন্য তিনি হামলার আশঙ্কায় রয়েছেন। সংস্থাটি আটক ওই দুজনের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি বলে জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ৯০ দিনের জন্য মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে ওই আদেশের তাৎপর্য পরিষ্কার নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবিসিকে জানিয়েছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে তারা কাজ করছে। পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিরিয়া থেকে পালানো ব্যক্তিদেরও নিষিদ্ধ করা হয়েছে।
নিউইয়র্কের পূর্বাঞ্চলে দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) নামের আরেকটি মানবাধিকার সংগঠনও এই ধরনের মামলার সঙ্গে সংশ্লিষ্ট। সংগঠনটি জানিয়েছে, তাদের আইনজীবীরা কয়েকটি ফ্লাইটের ওপর নজর রাখছে। তবে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে মোট কতজনকে আটক করা হয়েছে সে ব্যাপারে তথ্য দিতে পারেনি সংস্থাটি।
এদিকে শনিবার মিসরের কায়রো বিমানবন্দরে বৈধ ভিসা থাকা সত্ত্বেও কয়েকজন ইরাকের নাগরিক ও একজন ইয়েমেনের নাগরিককে নিউইয়র্কগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।