নিউইয়র্ক শহরে বাড়ছে ন্যূনতম মজুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর নিউইয়র্ক শহরের নিম্ন আয়ের মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে। ছোট প্রতিষ্ঠানের কর্মীদের এখন থেকে ঘণ্টাপ্রতি ১৩ ডলার করে মজুরি দিতে হবে। বাড়ানো হয়েছে ন্যূনতম মজুরির সীমাও। এই সীমা এখন ঘণ্টাপ্রতি সাড়ে ১০ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে।

২০১৬ সালে এ বিষয়ে আইনটি পাস হয়, যা কার্যকর হচ্ছে ২০১৮ সালের শুরু থেকে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো স্বাক্ষরিত এ আইন অনুযায়ী, ১০ বা তার চেয়ে কম কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানের কর্মীদের ঘণ্টায় ন্যূনতম ১৩ ডলার করে মজুরি পরিশোধ করতে হবে। আগে এই হার ছিল ঘণ্টায় ১১ ডলার করে। কোনো প্রতিষ্ঠানেই ঘণ্টাপ্রতি মজুরি ১২ ডলারের কম দেওয়া যাবে না। আগে এই সীমা ছিল সাড়ে ১০ ডলার।
এই মজুরি বৃদ্ধি একটি সমন্বিত প্রক্রিয়ার প্রাথমিক ধাপ মাত্র। মূল লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যে পুরো নিউইয়র্ক অঙ্গরাজ্যে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলারে উন্নীত করা। বড় ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা অবশ্য ৩১ ডিসেম্বর থেকেই ঘণ্টাপ্রতি ১৫ ডলার করে ন্যূনতম মজুরি পাচ্ছেন। ছোট প্রতিষ্ঠানের কর্মীরা এই কাঠামোর আওতায় আসবেন ২০১৯ সাল থেকে। তবে সব এলাকার কর্মীদের এ কাঠামোর আওতায় আনতে আরও কিছু সময় লাগবে। লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টারের কর্মীরা ২০২১ সাল থেকে ঘণ্টাপ্রতি ১৫ ডলার ন্যূনতম মজুরির আওতায় আসবেন। ধাপে ধাপে অঙ্গরাজ্যের বাজেট বিভাগ বিভিন্ন অঞ্চলকে এর আওতাভুক্ত করার ঘোষণা দেবে।
ব্রুকলিনের একটি ফাস্টফুডের দোকানে কাজ করেন ৬৪ বছর বয়সী টনি থমসন। নিউইয়র্ক ডেইলিকে তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এই মজুরি বৃদ্ধির খুবই প্রয়োজন ছিল।’
মজুরি বৃদ্ধির পাশাপাশি মধ্যম আয়ের নাগরিকদের ওপর আরোপিত করহারও হ্রাস করা হচ্ছে। ২০১৮ সালে বার্ষিক ৪৩ হাজার থেকে ১ লাখ ৬১ হাজার ৫৪৯ ডলার পারিবারিক আয় এবং যাঁদের ব্যক্তিগত আয় ২১ হাজার ৪০০ থেকে ৮০ হাজার ৬৪৯ ডলারের মধ্যে, তাঁদের করহার ৬ দশমিক ৪৫ থেকে কমিয়ে ৬ দশমিক ৩৩ শতাংশ করা হয়েছে। একইভাবে বার্ষিক ১ লাখ ৬১ হাজার ৫৫০ থেকে ৩ লাখ ২৩ হাজার ২০০ ডলার পারিবারিক আয় এবং ৮০ হাজার ৬৫০ থেকে ২ লাখ ১৫ হাজার ৩৯৯ ডলার ব্যক্তিগত আয়ের ওপর করহার ৬ দশমিক ৬৫ থেকে কমিয়ে ৬ দশমিক ৫৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
একই সঙ্গে এই ১ জানুয়ারি থেকেই নিউইয়র্কে কার্যকর হচ্ছে সবেতন পারিবারিক ছুটি আইন। এ আইনের আওতায় সপ্তাহে ২০ ঘণ্টা বা তার বেশি কাজ করেন এমন যেকোনো পূর্ণকালীন কর্মী সর্বোচ্চ আট সপ্তাহের বেতনসহ ছুটি ভোগ পাবেন। এ সময় তাঁরা তাঁদের সাপ্তাহিক গড় বেতনের ৫০ শতাংশ বেতন হিসেবে পাবেন। এই প্রকল্পের অর্থায়নে তহবিল গঠনের জন্য কর্মীদের সাপ্তাহিক বেতনের দশমিক ১২৬ শতাংশ হারে দিতে হবে।
তবে মজুরি বৃদ্ধিসহ একসঙ্গে এত পদক্ষেপ ব্যবসার জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ন্যাশনাল ফেডারেশন অব ইনডিপেনডেন্ট বিজনেসের পরিচালক মাইক ডুরান্ট। তিনি বলেন, ‘নিউইয়র্কের অর্থনীতি এর ক্ষুদ৶ ব্যবসার ওপর বেশ নির্ভরশীল। ফলে মজুরি বৃদ্ধিসহ একসঙ্গে এত পদক্ষেপ নেওয়াটা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো, যা নিউইয়র্কের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতার জন্য ক্ষতিকর।’