নিউইয়র্ক শহরে সপ্তাহে ২ কোটি কলা আসে!

উনিশ শতকের শেষ দিকে জুনের কোনো এক তপ্ত দিনে নিউইয়র্ক পোতাশ্রয়ে এসে ভিড়ল এক জাহাজ। লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজ তিন হাজার মাইল দূরের ইকুয়েডর থেকে কলা নিয়ে এসেছিল নিউইয়র্কে। সেই শুরু। নিউইয়র্কে কলার রাজত্ব এখন অনেক বিস্তৃত। প্রতি সপ্তাহে বিশ্বের নানা প্রান্ত থেকে শুধু নিউইয়র্ক শহরেই আসে ২০ মিলিয়ন বা ২ কোটি কলা। শুধু ব্রুকলিনের রেড হুক কনটেইনার টার্মিনাল দিয়েই আসে ৪ মিলিয়ন কলা।
শুরুর চালানের ঐতিহ্য অক্ষুণ্ন রেখেই নিউইয়র্কে আসা কলার একটি বড় অংশই আমদানি হয় ইকুয়েডর থেকে। কলা আসে কিউবাসহ পার্শ্ববর্তী দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকেও। নিউইয়র্কে পৌঁছেই শেষ হয় না কলার ভ্রমণ। নিউইয়র্কজুড়ে তাকে এক রকম চষে বেড়াতে হয়। ব্রুকলিনে শুল্ক কর্মকর্তার কাছ থেকে ছাড় পেয়ে কলা চলে যায় নিউজার্সিতে। সেখানে পাকানোর কাজটি করা হয়। আর তার পরের ঠিকানা ব্রঙ্কসের দ্য হান্টস পয়েন্ট মার্কেটের মতো বড় বড় বাজার। সব শেষে ট্রাকে করে এসব কলা পৌঁছে যাচ্ছে বাড়ির কাছের ফলের দোকানে। বর্তমানে জাতনির্বিশেষে প্রতি ১০০টি কলার একটি বাক্স বিক্রি হয় ১৬ ডলারে। আর প্রতি চার হালি কলার খুচরা মূল্য ১ ডলার।
আমেরিকায় কলা পাকানো এবং এর সরবরাহব্যবস্থাটি সেফওয়ের মতো চেইনশপগুলো করে থাকে। কিন্তু নিউইয়র্কের চিত্র কিছুটা আলাদা। এখানকার কলা সরবরাহব্যবস্থার একটি বড় অংশ এখনো স্থানীয় ব্যবসায়ীদের হাতে। ঠিকমতো খুঁজলে তাদের উৎস শেষ পর্যন্ত ইতালীয় অভিবাসী আন্তোনিও কুনেওর কাছে গিয়ে ঠেকতে পারে। উনিশ শতকের এই ব্যবসায়ী পরিচিত ছিলেন ‘কলার রাজা’ হিসেবে। নিউইয়র্ক শহরে কলা সরবরাহ করেই তিনি প্রচুর বিত্তের মালিক হয়েছিলেন। তবে এখনকার কলা ব্যবসায়ীদের বরাত এতটা ভালো নয়।
কথা হচ্ছে, কে খায় এত কলা?বরং প্রশ্নটি হচ্ছে কে খায় না? এক কথায় সবাই। তবে তুর্কিরা একটু বেশিই খায় বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন জো পালুমবো। এই কলা ব্যবসায়ী বলেন, তুর্কিরা কলার একেবারে বাঁধা ক্রেতা বলা যায়। তবে আগের তুলনায় কলা ব্যবসায় লাভ কম বলে জানান তিনি। তাঁর মতে, সপ্তাহে ছয় দিন ২৪ ঘণ্টা কাজ করেও এখন আর তেমন লাভ নেই।
নিউইয়র্কে কলার সরবরাহ অনেক বাড়লেও এখন এই ফলের একটি ছোট অংশ আসে সমুদ্রপথে। বরং অন্য অঙ্গরাজ্য থেকে ট্রাকে করেই কলার আগমন হয় বেশি। কলার এই ভ্রমণ বৃত্তান্ত চাইলে অনেক লম্বা করা যাবে। রয়েছে এর রোগবালাই ও রকমারি জাতের মতো বিষয়। এসব পাশে রেখে বরং একটি হলুদাভ কলায় কামড় বসাতে বসাতে উনিশ শতকে নিউইয়র্কে শুরু হওয়া কলার রাজত্বের ক্রমসম্প্রসারণ স্মরণ করাই ভালো।