নিউইয়র্ক শহরের ফায়ার সার্ভিসের কর্মী হলেন অভিযুক্ত সন্ত্রাসীর ছেলে

২০০৫ সালে ইহুদিদের হত্যার ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত হন আহমেদ আবদুল সাত্তার। তাঁর বড় ছেলে ওমর আহমেদ সাত্তার, যাঁকে নিউইয়র্ক শহরের শিক্ষানবিশ ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে নিউইয়র্ক শহরের ফায়ার সার্ভিস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন ২৭৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত একজনের সন্তানও, যাঁর নাম ওমর আহমেদ সাত্তার। ওমরের সঙ্গে একই দিনে স্নাতক হয়েছেন জন পালোম্বো। তাঁর বাবাও ছিলেন ফায়ার সার্ভিসের একজন কর্মী, যিনি ২০০১ সালে টুইন টাওয়ার হামলায় নিহত হন।
ওমর সাত্তারের নিয়োগের বিষয়ে নিউইয়র্ক পুলিশের অবসরপ্রাপ্ত সার্জেন্ট জোসেফ গিয়াক্যালোন নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘সন্ত্রাসবাদের সঙ্গে সংযোগ রয়েছে এমন পরিবারের কাউকে এমন কোনো পদে নিয়োগ দেওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম। এটা দারুণ। একজনের অপরাধের দায়ে আরেকজন সাজাভোগ করতে পারে না। এই ছেলেটির ন্যায্যতা প্রাপ্য ছিল।’
আহমেদ আবদুল সাত্তারের বয়স এখন ৫৮ বছর। স্ট্যাটেন আইল্যান্ডে ডাক বিভাগে কর্মরত থাকার সময় তাঁকে সবাই নম্র স্বভাবের বলেই জানত। কিন্তু পরে তাঁর সঙ্গে শেখ ওমর আবদেল রহমানের সংযোগের কথা জানতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমর আবদেল রহমান ছিলেন একজন অন্ধ ইসলামি নেতা, যিনি ১৯৯৩ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বোমা হামলার নেপথ্যে ছিলেন। একই সঙ্গে নিউইয়র্ক শহরের বিভিন্ন ভবন ও টানেল গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল তাঁর, যা পরে আর সফল হয়নি। ওমর আবদেল রহমানের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য আহমেদ আবদুল সাত্তার নিজ বাড়িকে যোগাযোগের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। পরে আবু ওমর ও আহমেদ নামে পরিচিত আহমেদ আবদুল সাত্তারের বিচার হয়। তাঁর সঙ্গে ওমর আবদেল রহমান ও আরেক সন্ত্রাসী মোহাম্মদ ইউসুরিরও বিচার হয় সে সময়। বিচারে আহমেদ আবদুল সাত্তারের ২৪ বছরের কারাদণ্ড হয়।
মামলার নথি অনুযায়ী, ২০০০ সালে ওমর রহমানের নামে আবদুল সাত্তার বেসামরিক ইহুদিদের হত্যার ফতোয়া জারি করেন। একই বছরের ১২ অক্টোবর মার্কিন জাহাজ ইউএসএস কোলে হামলায় ১৭ মার্কিন নাবিক হত্যার ঘটনাকে তিনি রহমানের মুক্তির জন্য ব্যবহার করতে চেয়েছিলেন।
অবশ্য তাঁর ওপর আনা এ অভিযোগকে ‘মিথ্যা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তাঁর নামের পরিচালিত একটি ওয়েবসাইটে। নিজের বাবার মুক্তির দাবিতে সে সময় ওমর আহমেদ সাত্তার একটি আবেদন করেন। সে সময় ১৮ বছর বয়সী তরুণ লেখেন, ‘আমি জানি যে তিনি কোনো অপরাধ করেননি। এমনকি এ ধরনের কোনো পরিকল্পনাও তিনি করেননি। তাঁর সঙ্গে একটি অবিচার করা হয়েছে বলে আমার মনে হয়েছে। আমার বাবা একজন সৎ ও দয়ালু ব্যক্তি। তিনি কাউকে আঘাত করার কথা ভাবতেও পারেন না। হ্যাঁ, তাঁর একটি দৃষ্টিভঙ্গি রয়েছে, যেমনটা অনেকেরই থাকে। এটা তাঁর দৃষ্টিভঙ্গিই শুধু, এর চেয়ে বেশি কিছু নয়। তিনি আমাদের ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠার শিক্ষা দিয়েছেন।’

১২ বছর আগে করা ওমর আহমেদ সাত্তারের আবেদনে সাড়া দেননি আদালত। এখন সেই ওমর সাত্তারের বয়স ৩০ বছর, যিনি নিউইয়র্ক শহরের শিক্ষানবিশ ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে এক বিবৃতিতে ওমর সাত্তার বলেন, ‘এটা এমন কিছু, যা আমি সব সময় হতে দেখেছি। আমি সব সময়ই ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মান করেছি। এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো একটি বিষয়।’
‘যখন আমি আট বছরের বালক, তখন একদিন স্কুল থেকে এসে দেখি, পুরো পরিবার বাইরে দাঁড়িয়ে আছে। পোষা বিড়াল টুটসি হারিয়ে যাওয়ায় সবাই উদ্বিগ্ন। কাছেই একজন ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন। সব শুনে তিনি ওপরে গিয়ে বিছানার নিচ থেকে টুটসিকে খুঁজে বের করে দিলেন। আমার সেই দিনের কথা আজও মনে আছে। সেদিন থেকেই নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। আজ সেই বিভাগের একজন কর্মী হতে পেরে আমি গর্বিত। এটা এমন এক পরিবার, যার সদস্যরা সব সময়ই একে অন্যকে সহায়তা করেন। আজ আমি এ পরিবারেরই একজন সদস্য।’
বাবা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হওয়ায় বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে সাত্তার পরিবারকে। আহমেদ সাত্তারের স্ত্রী লিসা জানান, ‘অনেক ক্ষেত্রেই বৈষম্যের শিকার হতে হয়েছে আমার ছেলেদের। স্থানীয় একটি রেস্তোরাঁর কাজ থেকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়েছিল তাদের। ২০০৪ সালের জুলাইয়ে তাদের চাকরি হারানোর পর বেশ সংকটে পড়তে হয়েছিল পুরো পরিবারকে।’
তখন বড় ছেলে ওমর সরাসরি তার মালিকের কাছে গিয়ে চাকরি হারানোর কারণ জানতে চায়। উত্তরে রেস্তোরাঁর মালিক বলেন, ‘৯/১১ হামলায় আমার স্ত্রী মারা গেছেন। আমি যতবার তোমার দিকে তাকাই, ততবারই তাঁর কথা মনে পড়ে। তুমি এখানে কাজ করো আমি চাই না।’
গত মাসে ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে ওমর সাত্তারের নিয়োগ নিশ্চিত হওয়ার পর লিসা সাত্তারের মাথায় শুধু পুরোনো কঠিন সময়ের কথাই ভিড় করছে। নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ‘অনেক কঠিন সময় পার করতে হয়েছে আমাদের। এখন ওমর ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে নিয়োগ পেয়েছে। তাকে নিয়ে আমি ভীষণভাবে গর্বিত।’
নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ ওমরকে বোরো পার্কের ইঞ্জিন কোম্পানি ২৮২-এ নিযুক্ত করেছে। এ এলাকাটি ইহুদি-অধ্যুষিত। নিউইয়র্ক ফায়ার সার্ভিস বিভাগের মুখপাত্র ফ্রাঙ্ক ডয়ার নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ওমরকে নিযুক্ত করার সময়ই তাঁর বাবার অপরাধ সম্পর্কে আমরা অবগত ছিলাম। অন্য ফায়ার সার্ভিসের কর্মীদের মতোই আমরা তাঁর সব রেকর্ড পরীক্ষা করেছি। ফায়ার সার্ভিস বিভাগে যোগ দেওয়ার আগে তিনি পয়োনিষ্কাশন বিভাগে তিন বছর কাজ করেছেন। তাঁর অতীত রেকর্ডে খারাপ কিছু আমরা পাইনি। আর বাবার অপরাধের জন্য সন্তানকে শাস্তি দিতে পারি না আমরা।’
কিন্তু অনেকেই ওমরের এ নিয়োগে অসন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন। তাঁদের ভাষ্য হচ্ছে, ফায়ার সার্ভিসের কর্মীদের যেকোনো হাসপাতাল ও অপরাধ সংঘটনস্থলে প্রবেশাধিকার রয়েছে। এটি নিরাপত্তা-সংকট তৈরি করতে পারে। তাদের কেউ কেউ এমনকি এ-ও বলছে, ওমরের নিয়োগ অনেকটা ওসামা বিন লাদেনের সন্তানকে জননিরাপত্তার জন্য নিয়োগ করার মতো।