নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রার্থী হচ্ছেন ফখরুল

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪-এর (জ্যামাইকা, ফ্রেসমেডো, ব্রায়ার উড ও কিউগার্ডেন) প্রার্থী হচ্ছেন ফখরুল ইসলাম দেলোয়ার। তিনি জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার।
এই বিষয়ে ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, ‘গত প্রায় দুই যুগ ধরে আমি জ্যামাইকা কমিউনিটির সেবায় কাজ করছি। এই কমিউনিটিতেই আমার বেড়ে ওঠা। বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়ে মূলধারার সঙ্গে দীর্ঘ দিন কাজ করে যাচ্ছি। নির্বাচন করব কি না তা কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। সবার সম্মতি পেলে ডিসেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দেব। বিষয়টা এখনই চূড়ান্ত নয়। তবে নির্বাচন করার জন্য দীর্ঘদিন থেকে আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিচ্ছেন। তাই সবার মতামত নিয়েই ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।’
নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা ব্রাদার্স গ্রুপের পরিচালক ফখরুল ইসলাম আমেরিকা বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্সের (এবিবিএ) বর্তমান প্রেসিডেন্ট। কুইন্স বরোতে বিশেষ করে জ্যামাইকার যুব সমাজের জনপ্রিয় মুখ তিনি। তিনি জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) কার্যকরী কমিটিতেও রয়েছেন। এ ছাড়া বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব নিউইয়র্কসহ অনেক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের কমিটিতে রয়েছেন তিনি।
মূলধারার তরুণ প্রজন্মের নেতা ফখরুল ইসলাম দেলোয়ার জ্যামাইকা হাইস্কুল ও কুইন্স কলেজে পড়াশোনা করেছেন। তিনি আমেরিকায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি ও বিয়ানীবাজার সমিতির নির্বাচিত সেক্রেটারি ছিলেন। ২০১৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানার যুগ্ম সদস্যসচিবও ছিলেন।
মূলধারায় বাংলাদেশি হিসেবে সফল নেতৃত্ব ও সমাজকল্যাণের জন্য কংগ্রেশনাল প্রক্লেমেশনসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন ফখরুল ইসলাম দেলোয়ার। চলতি বছর জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি থেকে বৈশাখী সম্মাননা পান তিনি।
সিলেট বিয়ানীবাজারের কৃতি সন্তান ফখরুল ইসলাম বিয়ানীবাজার থেকে প্রচারিত এবি টিভি ও এবি মিডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের পদেও রয়েছেন। ২০২১ সালে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান কাউন্সিলম্যান ররি লায়েন্সম্যানের দ্বিতীয়বারের মেয়াদ ২০২১ সালে শেষ হবে।