নিউইয়র্ক সিটির পাতালপথে রাত হলে চলে 'লাতুর ট্রেন'!

ব্রিটিশ ভারতে ১৮৯৮ সালে আসামের বদরপুর থেকে চট্টগ্রাম- এই ২৫২ মাইলের রেলপথ চালু হয়। বদরপুর থেকে লাতু স্টেশনের দূরত্ব ২৪ মাইল। গুরুত্বপূর্ণ স্টেশনটি ব্রিটিশ ভারতে, কলকাতার সঙ্গে সিলেটের যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র পথ ছিল। ১৯৪৭ সালে দেশ ভাগের পর লাতু এলাকাটি ভারতের অংশে চলে যায়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে কুলাউড়া জংশন থেকে ভারত সীমান্তবর্তী শাহবাজপুর স্টেশন পর্যন্ত একটা মাত্র ট্রেন আসা যাওয়া করত। এক সময় লাতুর ট্রেনের খুবই সমাদর ছিল। এখনো সিলেটের অনেকে শাহবাজপুর রেল স্টেশনকে লাতুর ট্রেন স্টেশন বলে থাকেন।
লাতুর ট্রেনে যারা চড়েছেন তাঁদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অন্যরকম। সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল বিয়ানীবাজার, বড়লেখা, জুড়ি, কুলাউড়ার মানুষের কাছে লাতুর ট্রেন নামটি বেশ পরিচিত। একই সঙ্গে লাতুর ট্রেন নামটি অভিশপ্ত গালি হিসেবে প্রচলিত আছে। কারণ ভোগান্তি। নিউইয়র্কের পাতল ট্রেন লাতুর ট্রেনকে অনুসরণ করে চলছে বলেই মন হয়। লাতুর ট্রেন সম্পর্কে যারা জানেন, তারা অন্তত এ কথাই বলবেন। বাংলাদেশে এমন হলে হুলুস্থুল ‘ট্যাণ্ডাই ম্যাণ্ডাই’র ঘটনা ঘটে যেত।
শতবর্ষ আগে রবীন্দ্রনাথ ঠাকুর শিলং হয়ে এই লাতুর ট্রেনে চড়ে সিলেটে এসে লিখেছিলেন, ‘মমতাবিহীন কালস্রোতে/ বাংলার রাষ্ট্রসীমা থেকে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি..।’ সিলেট নিয়ে কবির মুগ্ধতাই লাতুর ট্রেনকে কিছুটা নিষ্কৃতি দিয়েছিল, বলার অপেক্ষা রাখে না। আমেরিকায় এসে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরই আমেরিকান সমাজ-সংস্কৃতি নিয়ে কঠোর সমালোচনা থেকে বিরত থাকেননি। আধুনিকতা সমাজ সভ্যতা সংস্কৃতিসহ নানান দিক নিয়ে অবলীলায় তিনি সমালোচনা করেছেন। নিউইয়র্কের পাতালরেলে চলাচল করতে গিয়ে রবীন্দ্রনাথের কথাগুলো মনে পড়ল! কাজেকর্মে ব্যস্ত, ক্লান্ত অগণিত নিউইয়র্কবাসীর অসময়ে ঘরে ফেরা আর ধীর গতির ট্রেনের ঝক্কিঝামেলার ঠেলায় সিলেটের কারও কারও মনে সিলেটের এই লাতুর ট্রেনের কথা মনে পড়ে যাওয়াই স্বাভাবিক।
দিনরাত বিরামহীন পথচলা নগর নিউইয়র্কের পাতাল পথের ট্রেন রাত হলে লাতুর ট্রেন হয়ে যায়! বাংলাদেশে লাতুর ট্রেন এখন বন্ধ। কিন্তু নিউইয়র্কের আধুনিক পাতাল ট্রেন, মান্ধাতার আমলের লাতুর ট্রেনের অনিয়ম মেনে চলছে। লাতুর ট্রেনের সময়সূচির কোনো ঠিক-ঠিকানা ছিল না। মালামালে ঠাসা বাদুড়ঝোলা মানুষজন নিয়ে কয়টার ট্রেন কখন কোথায় পৌঁছাবে, তার শিডিউল জানা থাকলেও বাস্তবতায় দেখা মিলত না। বিনিদ্র নগরী খ্যাত নিউইয়র্কে রাতের পাতাল ট্রেনে বাদুড়ঝোলা না থাকলেও কখনো কখনো গুঁতোগুঁতি ও ঠেলাধাক্কায় পড়তে হয়। নিত্য এমন ঘটনায় সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে আসা অনেককে বলতে শুনি ‘লাতুর ট্রেন! আর চলে না।’ কখন পৌঁছাবে, ঘরে অপেক্ষমাণ স্বজনদের নিশ্চিত করে জানাতে পারা যায় না।
লাতুর ট্রেনে টিটিকে ম্যানেজ করে মালামাল বোঝাই করতে যেমন অসুবিধা হতো না। তেমনি নিউইয়র্কের বাউন্ডুলে অচ্ছুত অপরিচ্ছন্নদের পক্ষে লক্কড় ঝক্কর বস্তাবোঝাই মালামাল দিয়ে ট্রেনের কেবিন বা সিট দখল করে বাসাবাড়ি বানাতেও অসুবিধা হয় না। ভারতীয় নাসির বিড়ি ও দেশীয় সিগারেটের ধোঁয়ায় লাতুর ট্রেনের ভেতরে ধোঁয়ার কুণ্ডুলি উঠত। আর নিউইয়র্কের পাতাল ট্রেনের ভেতরে মদোন্মত্ত নেশাগ্রস্তরা মাতাল হয়ে কখনো কখনো বেসুরো গীত গেয়ে ওঠেন। লাতুর ট্রেনে ব্রিটিশ সাহেবদের প্রেমিকার কোলে মাথা রাখতে কেউ না দেখলেও নিউইয়র্ক নগরের রাতের এই ট্রেনে প্রেমিকা বা অর্ধাঙ্গিনীর কোলে মাথা রেখে এখানকার সাহেবদের তন্দ্রাসুখ উপভোগ করতে লজ্জা হয় না। যুগলের তাক লাগানো রোমান্টিক সংযোগে জোটে না কারও অনুযোগ বা তিরস্কারও। রাত যত গভীর হয়, ধীর মন্তর গতির পাতাল ট্রেনে প্রেম-ভালোবাসার গভীর আলিঙ্গন তত জমে ওঠে। এটা অবশ্য ভিন সংস্কৃতির রেওয়াজ।
চলার পথে নিজের অনুসন্ধিৎসু কৌতূহল এবং বিভিন্ন জাতি ও পেশার মানুষের সমালোচনার পর্যবেক্ষণ থেকে উঠে এসেছে আজকের লেখার বিষয়বস্তু। নির্ঘুম নগরে প্রায় প্রতি দিন মধ্যরাতের আগেই পাতালে নেমে আসে সময়ের যাত্রীর যাত্রা-ভোগান্তি আর দুর্ভোগ। সব পথেই একই বিড়ম্বনা। এই ভোগান্তির শেষ কোথায় কেউ জানে না। ম্যানহাটনের যেকোনো সাবওয়ে স্টেশন থেকে ‘ই’ বা ‘এফ’ ট্রেনে কুইন্সের শেষ স্টপেজ জ্যামাইকা পর্যন্ত আসতে দিনের বেলা, এক ঘণ্টারও কম সময় লাগে। রাতের নির্ঘুম নগরীর ক্লান্তি পাতাল পথকেও চেপে ধরে কিনা! এইটুকু পথ পাড়ি দিয়ে প্রায় কখনোই সময়ে পৌঁছায় না ট্রেন। কখনো রাত্রি কাত হয়ে পড়ে ভোরের দিকে। ফলে দুই থেকে তিন, সাড়ে তিন ঘণ্টা সময় নিয়ে ঘরে ফিরে পরদিন সকালের কাজে যেতে ভাটা পড়ে অনেকেরই।
দুই বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে থাকছি। ঘোরাঘুরির স্বভাব। মন সদা সুযোগ খোঁজে প্রাণভরে চারপাশের জগৎ দেখার। এই চলার পথে রাত-বিরাতে ঘরে ফিরতে ট্রেনে ঘটে যত অঘটন আর বিড়ম্বনা। অভিজ্ঞতা ও বহুজনের পর্যবেক্ষণ বলছে, নির্ঘুম নগরে মানুষ ঘোরে, ঘুমায় না। রাতের গায়ে হেলান দিয়ে, ক্লান্ত যাত্রী নিয়ে কখন যে পাতালে ট্রেন ঘুমায় কে জানে! রাতে কতজনে সঠিক সময়ে ঘরে ফিরতে পারেন জানি না। অগণিত মানুষকে রাতের ট্রেনে রিক্ত হতে দেখেছি। মাঝে মাঝে কোনো কোনো ভিনদেশি যন্ত্রণায় অশ্লীল ভাষায় গর্জে ওঠেন। দু’বছর থেকে দেখছি রেল লাইনগুলোতে উন্নয়নকাজ চলছে। নিয়মিত রুটিন কাজ তো থাকবেই। তাই বলে প্রতিদিন মানুষের দুর্ভোগ যন্ত্রণা নেমে আসুক সিটির রেল বিভাগ তা-ই চায় কিনা কারও জানা নেই। সময়ের শৃঙ্খলে বাঁধা এই নগরজীবনে রাতের পরের দিনটা লন্ডভন্ড হচ্ছে লাখ লাখ মানুষের। নিত্য শিডিউল বিপর্যয়ে রাতের পর রাত পাতাল ট্রেনের ভোগান্তিতে পরাস্ত হচ্ছেন কেজো মানুষেরা।
নিউইয়র্কের পাতাল ট্রেনের কোনো কোনো কামরায় অস্বস্তিকর দুর্গন্ধে দমবন্ধ হয়ে আসে। দুর্গন্ধ নাকে এলে অনেকেই দৌড় দেন অন্য কামরায়। রাতের বেলা এই অস্বস্তিকর সমস্যায় অনেককেই পড়তে হয়। লাতুর ট্রেনে গাঁজা সিগারেটের ধোঁয়ার কুণ্ডুলির দুর্গন্ধে ট্রেনের কামরা কেউ ত্যাগ করে যায়নি। অথচ নিউইয়র্কে সাম্প্রতিক কালের মাত্র পাঁচ মিনিটের এক দৃশ্য এ রকম— প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন দেখে সবাই দৌড়ঝাঁপ দিয়ে ফাঁকা কেবিনে ঢুকে অস্বস্তিতে বেরিয়ে এলেন! আবার কেউ কেউ অস্বস্তিতে পাশের কেবিন খালি দেখে উঠে পড়লেও টিকে থাকতে পারলেন না। এভাবে পাশাপাশি চারটা কামরা চারজনের দখলে ছেড়ে দিয়েছেন ট্রেনযাত্রীরা। চারজন চারটি কামরায় রামরাজত্ব করছেন। কেউ তাঁদেরকে নিয়ে টুঁ শব্দটিও করছে না। কেউ ভুল করে উঠে গেলেও তড়িঘড়ি করে ফের বেরিয়ে আসছেন। চার কামরার যাত্রীরা পাশের কামরাগুলোতে ঠেলাঠেলির চিপায় দাঁড়িয়ে নীরবে যন্ত্রণা সহ্য করে গন্তব্যে ছুটছেন। সুদূর নিউইয়র্কে এসেও এই লাতুর ট্রেনের দেখা পাওয়াটা নস্টালজিয়া আনলেও স্বস্তি আনে না কোনোভাবেই।
লেখক: সাংবাদিক ও সমাজ চিন্তক, নিউইয়র্ক।