নিউইয়র্ক সিটির শিক্ষাপ্রতিষ্ঠানে শরীর শিক্ষা কার্যক্রম অপ্রতুল
নিউইয়র্ক সিটির এক-তৃতীয়াংশ স্কুলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শারীরিক শিক্ষা কার্যক্রম যথেষ্ট নয় বলে জানিয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের শিক্ষা বিভাগ। গত ৩১ আগস্ট শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা বিভাগের তথ্যমতে, নিউইয়র্ক সিটির প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা কার্যক্রম পর্যাপ্ত নয়। শারীরিক শিক্ষা কার্যক্রমের অঙ্গরাজ্য নির্ধারিত ন্যূনতম সুবিধা রয়েছে মাত্র ৫৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা তুলনামূলক ভালো। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ শতাংশে নির্ধারিত ন্যূনতম শারীরিক শিক্ষা কার্যক্রম রয়েছে। তবে সব পর্যায় মিলিয়ে মোট শিক্ষার্থীর ২৯ শতাংশই পর্যাপ্ত শারীরিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বলছে, আগের বছরের চেয়ে এ ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয়েছে। আগের বছর পর্যাপ্ত শারীরিক শিক্ষা কার্যক্রম থেকে প্রায় অর্ধেক শিক্ষার্থী বঞ্চিত ছিল। বর্তমানে এ ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। শারীরিক শিক্ষা কার্যক্রমের সুবিধার আওতায় আগের চেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী রয়েছে। যদিও এ অগ্রগতিকে যথেষ্ট মনে করছেন না শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিউইয়র্ক সিটি প্যারেন্টস ইউনিয়নের প্রতিষ্ঠাতা মোনা ডেভিডস নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘প্রতি তিনজনে একজন শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় শারীরিক শিক্ষা পাচ্ছে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অধিকার খর্ব করার শামিল। আর আমরা এ ব্যাপারে চুপ থাকতে পারি না। এ ক্ষেত্রে শহর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের এ ক্ষেত্রে অনেক কিছু করার আছে।’
নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ন্যূনতম দুই ঘণ্টা শারীরিক শিক্ষাবিষয়ক ক্লাসের ব্যবস্থা করা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ন্যূনতম দেড় ঘণ্টা শারীরিক শিক্ষাবিষয়ক ক্লাস নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই ব্যর্থ হলেও এখন পর্যন্ত এ জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি শহর কর্তৃপক্ষকে।
নিউইয়র্ক সিটির প্রধান নিরীক্ষক স্কট স্ট্রিংগার প্রকাশিত ২০১৫ সালের এ বিষয়ক এক প্রতিবেদন মতে, নগরীর ১ হাজার ৭০০ পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ শতাংশেই কোনো পেশাদার ও পূর্ণকালীন জিম শিক্ষক নেই। আর ২৮ শতাংশেই নেই কোনো শারীরিক শিক্ষাসংক্রান্ত অবকাঠামো।
এ বিষয়ে নিউইয়র্ক সিটির স্কুলগুলোর আচার্য কারমেন ফ্যারিনা বলেন, ‘জিম শিক্ষক নিয়োগের জন্য মেয়র ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জিম তৈরি করতে আরও ৩৮৫ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছেন তিনি। এ ক্ষেত্রে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।’