নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের গণিতে দক্ষতা বেড়েছে

নিউইয়র্ক সিটির স্কুলশিক্ষার্থীদের গণিতের দক্ষতা কিছুটা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে তাদের পাঠ দক্ষতাও। চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণকারী তৃতীয় থেকে অষ্টম গ্রেডের শিক্ষার্থীদের ৩৭ দশমিক ৮ শতাংশ গণিতের জন্য নির্ধারিত মান অর্জন করতে সমর্থ হয়েছে। গত বছর এ হার ছিল ৩৬ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি নিউইয়র্ক ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গণিতের পাশাপাশি চলতি বছর পাঠ দক্ষতায়ও আগের বছরের চেয়ে এগিয়েছে নিউইয়র্কের শিক্ষার্থীরা। চলতি বছর এ ক্ষেত্রে নির্ধারিত মান অর্জনে সক্ষম হয়েছে, পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ৩৯ দশমিক ৮ শতাংশ। আগের বছর এ হার ছিল ৩৭ দশমিক ৯ শতাংশ। তবে এ বিষয়ে পাসের হার এর চেয়ে বেশি। চলতি বছর এ-সংক্রান্ত পরীক্ষায় পাস করেছে ৪০ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ হার ছিল ৩৯ দশমিক ১ শতাংশ। আর গণিতে পাস করেছে ৪০ দশমিক ৬ শতাংশ। আগের বছর এ হার ছিল ৩৮ শতাংশ।
এ বিষয়ে স্টেট বোর্ড অব রিজেন্টসের আচার্য বেটি রোজা নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘গৃহীত পরিকল্পনা ও তা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ উত্তরণ সম্ভব হয়েছে। আমি সব সময়ই বলি যে পরীক্ষা শিক্ষার্থীদের দক্ষতা নিরূপণের একটি মাধ্যম মাত্র। কিন্তু তারপরও শিশুদের এ ফল আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।’
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকেই নিউইয়র্ক অঙ্গরাজ্য ও সিটির শিক্ষার্থীদের গণিত ও পাঠ দক্ষতায় অবনমন ঘটতে থাকে। মূলত তুলনামূলক কঠিন পরীক্ষাপদ্ধতি ও দক্ষতার নতুন মান নির্ধারণের পরই এ অবনমন দৃষ্টিগ্রাহ্য হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনাও শুরু হয়। এ অবস্থায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের শিক্ষা বিভাগ কিছুটা বিপাকে পড়ে। এ অবস্থায় নতুন একটি পরীক্ষাপদ্ধতি তৈরিতে কাজ শুরু করে শিক্ষা বিভাগ। এটি অনুমোদন হলে ২০২১ সাল থেকে তা কার্যকর হবে।
নতুন পরীক্ষাপদ্ধতি নিয়ে সমালোচনা এতটাই তীব্র হয় যে ২০১৫ ও ২০১৬ সালে উল্লেখযোগ্যসংখ্যক পরিবার এ পরীক্ষা বর্জন করে। ২০১৫ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ১৯ শতাংশ পরিবার এবং ২০১৬ সালে ২১ শতাংশ পরিবার এ পরীক্ষা বর্জন করেছিল। নতুন পরীক্ষাপদ্ধতির বিরোধিতা সবচেয়ে বেশি এসেছিল কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক পরিবারগুলো থেকে। যদিও চলতি বছর এসব পরিবারের শিক্ষার্থীরাও পরীক্ষায় অনেকটা সাফল্য দেখিয়েছে। কিন্তু এখনো তারা গড় মান থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।
চলতি বছর ২৮ দশমিক ৯ শতাংশ কৃষ্ণাঙ্গ পরীক্ষার্থী গণিত দক্ষতায় নির্ধারিত মান অর্জনে সমর্থ হয়েছে। আর হিস্পানিকদের ক্ষেত্রে এ হার ২৯ দশমিক ৭ শতাংশ।