নিউইয়র্ক স্টেট সিনেটে ধর্মীয় পোশাক ব্যবহারের বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে কর্মস্থলে যে যার ধর্মীয় পোশাক পরতে পারবে বলে রাজ্য সিনেটে একটি আইন প্রস্তাব গৃহীত হয়েছে। ৯ এপ্রিল এমন একটি বিল সর্বসম্মতভাবে পাস হয়েছে। উপস্থিত ৬০ সিনেটরের সবাই ভোট দেন এ বিলে। এর ফলে হিজাব, টুপি, টারবান নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্মস্থলে আইনসিদ্ধ হলো।
গত মাসে অনুরূপ একটি বিল পাস হয়েছে স্টেট অ্যাসেম্বলিতে। সেটি উত্থাপন করেছিলেন জ্যামাইকা নির্বাচনী এলাকার অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন। সিনেটে উত্থাপন করেন একই এলাকার স্টেট সিনেটর জন ল্যু। উভয় বিল যাবে স্টেট গভর্নরের স্বাক্ষরের জন্য। তিনি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।
এর আগে এমন একটি বিল সর্বপ্রথম স্টেট পার্লামেন্টে উঠেছিল। রিপাবলিকানদের আপত্তির মুখে তা কখনোই স্টেট সিনেটে পাস হতে পারেনি। স্টেট সিনেট লবিতে এই বিল নিয়ে ভোটাভুটির সময় বিপুলসংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বিলটি পাস হওয়ার পর স্টেট সিনেটর জন ল্যু বলেছেন, কর্মস্থলে পোশাকের কারণে বিমাতাসুলভ আচরণের ঘটনাকে কখনোই মেনে নেওয়া উচিত নয়।
এমন আইনের পক্ষে দীর্ঘদিন থেকে সোচ্চার স্যাফেস্ট (সাইথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং) এর প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন বলেন, ‘৯/১১ এর সন্ত্রাসী হামলার পর ধর্মীয় পোশাকের কারণে আমরা নানাভাবে নিগৃহীত হয়েছি। কর্মস্থলেই শুধু নয়, চলতি পথেও নানা ঘটনা ঘটেছে। অনেকের প্রাণ গেছে। এই আইন হলে ধর্মীয় বিদ্বেষমূলক হামলার ঘটনা কমবে।’