নিউইয়র্কবাসীর গ্লোবাল এন্ট্রি সুবিধা বাতিল
নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দাদের বিমানবন্দর ও সীমান্তে ইমিগ্রেশনের সব ধরনের নমনীয় সুবিধা বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি। ৫ ফেব্রুয়ারি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক আদেশে এ কথা জানানো হয়েছে।
নিউইয়র্কে ‘গ্রিনলাইট ল’-এর আওতায় আনডকুমেন্টেড বা নথিপত্রবিহীন ইমিগ্রান্ট বা অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আইন করা হয়েছিল। এর জের হিসেবে এখন নিউইয়র্কের বৈধ-অবৈধ সব বাসিন্দাকে হয়রানির শিকার হতে হবে। এখন থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দারা বিমানবন্দর ও সীমান্তে গ্লোবাল এন্ট্রি সুবিধা পাবেন না। গ্লোবাল এন্ট্রির জন্য নতুন আবেদনও আর গ্রহণ করা হবে না। যাদের এই সুবিধা আছে, তারাও আর নবায়ন করতে পারবেন না।
এখন থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দাদের ইমিগ্রেশন চেকপয়েন্ট পার হতে যথেষ্ট বিলম্ব হবে। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, তারা নিউইয়র্ক স্টেট মোটর ভেহিকেলের (ডিএমভি) তথ্যভান্ডারে ঢুকতে পারছেন না। এর ফলে তারা আসল-নকল ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন যাচাই-বাছাই করতে পারছেন না, যা আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
নমনীয় সুবিধা বাতিল হওয়ার ফলে কোনো নিউইয়র্কার গাড়ি চালিয়ে কানাডা বা মেক্সিকো যাওয়ার সময় ইমিগ্রেশনের সমস্যায় পড়তে পারেন। কারণ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র সঠিক কি না, তা পরীক্ষার জন্য দীর্ঘ বিলম্বের কারণ হতে পারে ইমিগ্রেশন চেক পয়েন্টে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চ্যাড উলফ ফক্স নিউজকে বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত যাদের গ্লোবাল এন্ট্রি সুবিধা আছে, তারা মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত সুবিধাটি ব্যবহার করতে পারবেন। তবে তাদের এ সুবিধা আর নবায়ন করা হবে না।
নিউইয়র্ককে বৈধ ও কাগজপত্রহীন ইমিগ্রান্টদের স্বর্গরাজ্য করতে গিয়ে রাজ্যের আইনপ্রণেতারা ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছেন। অঙ্গরাজ্যের তথ্যভান্ডার থেকে অনেক তথ্য ফেডারেল এজেন্সিগুলোকে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জের হিসেবেই ট্রাম্প প্রশাসনের এমন বিরূপ প্রতিক্রিয়া। সব বাসিন্দাকেই এখন এ বৈরিতার খেসারত দিতে হবে বলে মনে করা হচ্ছে।