নিউইয়র্কে অনলাইন ক্রয়াদেশে কর আরোপের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের সরকারি পরিবহন ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে অনলাইন ক্রয়াদেশে নাগরিকদের ওপর করারোপের প্রস্তাব করা হয়েছে। নিউইয়র্ক মহানগর পরিবহন কর্তৃপক্ষ বা এমটিএ দিন দিন সাবওয়ে ও বাস সার্ভিসে ব্যাপক পরিবর্তন আনছে। এর পাশাপাশি ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

আর্থিক সংকটে পড়া নিউইয়র্ক নগরের বিশাল এই পরিবহন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে আইন প্রণেতারা নতুন একটি প্রস্তাব উত্থাপন করেছেন। ৮ ডিসেম্বর এনবিসি নিউজ সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাবিত বিলের আওতায় নিউইয়র্ক নগরের বাসিন্দাদের ওষুধ ও খাবার ব্যতীত অনলাইনে ক্রয়াদেশ করা প্যাকেজগুলোতে তিন ডলার অতিরিক্ত মূল্য দিতে হবে। আর এই অর্থ এমটিএ সচল রাখার কাজে ব্যবহার করা হবে। বিলটির প্রস্তাবক অ্যাসেম্বলিম্যান রবার্ট ক্যারল বলেন, অনলাইন শপিংয়ের এই অতিরিক্ত ফি বছরে রাজের রাজস্বের সঙ্গে এক বিলিয়ন ডলারেরও বেশি অতিরিক্ত যোগ হবে, যা নিউইয়র্ক শহরের পাতাল রেল ও বাসগুলোকে সচল রাখতে সহায়তা করবে।

জন স্যামুয়েলসনের সঙ্গে ডেইলি নিউজের যৌথ মতামত কলামে পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান ক্যারল বলেছেন, এমটিএ শুধু একটি ফেডারেল বেইল-আউটের ওপর নির্ভর করে চলতে পারে না। আইন প্রণেতাদের অতিরিক্ত এই সারচার্জের পেছনে আরও যুক্তি ছিল, এই চার্জটি নিউইয়র্কবাসীকে আমাজন বা ওয়ালমার্টের মতো করপোরেশন থেকে পণ্য কেনা থেকে বিরত রাখবে এবং ছোট স্থানীয় ব্যবসাগুলোতে কেনাকাটা করে তাদের টিকিয়ে রাখতে উৎসাহিত করবে।

নতুন এই প্রস্তাবে আরও উল্লেখ ছিল, এই ডেলিভারি সারচার্জ নিঃসন্দেহে ভোক্তা ও আমাজনকে একাধিক আইটেমকে একসঙ্গে সরবরাহের জন্য এক প্যাকেজে একীভূত করতে উৎসাহিত করবে।

তবে আমাজন থেকে এ বিষয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি। অন্যদিকে এমটিএ বলেছে, তারা পরের মাসে ফেডারেল সরকারের কাছ থেকে ১২ বিলিয়ন ডলার সহায়তা না পেলে সাবওয়ে রেল ও বাস পরিষেবা ৪০ শতাংশে কমিয়ে আনতে বাধ্য হবে এবং নয় হাজারের বেশি শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হবে।