
নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিওর দ্বি-বার্ষিক প্রতিবেদনে নগরের অপরাধের হার কমছে বলে উল্লেখ করা হয়েছে। ‘মেয়রের ব্যবস্থাপনা প্রতিবেদন’ শীর্ষক এ প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর সোমবার প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দুই বছরের নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক উল্লেখ করা হয়। নগরের সুস্থ নাগরিক জীবনে এবং নগরবাসীর সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে অপরাধহীন পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ আর্থিক থেকে ২০১৭ পর্যন্ত মারাত্মক অপরাধের হার ৬৩ শতাংশ কমেছে। অন্যদিকে জীবন-নাশক সড়ক দুর্ঘটনার হার কমেছে ১০.৬ শতাংশ।
মেয়র বলেন, নগরের বিধি অনুযায়ী গত ৪০ বছর ধরে এ ধরনের প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তার আশা, এ প্রতিবেদন নগরের সংস্থাসমূহকে তাদের স্বচ্ছতা অব্যাহত রাখতে উৎসাহিত করবে। প্রতিবেদনে বিভিন্ন সংস্থার বিগত ১২ মাসের কার্যক্রমের বেশ উন্নতির দিকে বলে বিবরণ সন্নিবেশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিউইয়র্ক নগর পুলিশ বিভাগ জরুরি ফোনকলের ক্ষেত্রে সময়ের ব্যবধান ২৯ সেকেন্ড কমিয়েছে। কোনো জরুরি ফোনকল আসলে অকুস্থলে পৌঁছতে আগের সর্বোচ্চ ১০.৩৫ মিনিট থেকে কমে বর্তমানে ১০.০৬ মিনিট সময় লাগে। যদিও অধিকাংশ ক্ষেত্রে জরুরি কলে পুলিশ তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই অকুস্থলে পৌঁছে।
সড়ক দুর্ঘটনা কমাতে নগর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য হলো সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা। ইতিমধ্যে ২০১৬-১৭ আর্থিক বর্ষে মোটরসাইকেল দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুহার ২৫ শতাংশ হ্রাস পেয়ে মোট মৃত্যুও সংখ্যা ৮৪ থেকে ৬৩ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্যাক্সিতে হুইলচেয়ার ঢোকানো যায় এক বছরে এমন গাড়ির সংখ্যা ১১২.৩ শতাংশ বেড়েছে। এ সুবিধা-সংবলিত গাড়ির সংখ্যা ২০১৬ সালে ছিল ৮৭৬। ২০১৭ সালে এ ধরনের গাড়ির সংখ্যা হয়েছে এক হাজার ৮৬০। মেয়র বলেন, নিউইয়র্কবাসীর সঙ্গে সংঘ বন্ধ হয়ে আমরা নগর উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখছি।