নিউইয়র্কে অভিজিৎ রায়কে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে স্মরণ করেছে গণজাগরণ মঞ্চ নিউইয়র্ক শাখা।

সংগঠনটির সংগঠক গোপাল স্যানালের আহ্বানে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সংগঠক মুজাহিদ আনসারী, বিশিষ্ট চলচ্চিত্রকার কবির আনোয়ার, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক শুভ রায়, জাসদের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সাংস্কৃতিক কর্মী দীনেশ চন্দ্র, সাংবাদিক তোফাজ্জল লিটনসহ মুক্তমনা ও মুক্তচিন্তার প্রবাসী বাংলাদেশিরা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদের সঞ্চালনায় বিগত সময়ে বাংলাদেশে নিহত মুক্তচিন্তার ব্লগার, লেখক ও প্রকাশকসহ সবার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাংবাদিক মুজাহিদ আনসারী বলেন, বাংলাদেশের একশ্রেণির ধর্ম ব্যবসায়ী ধর্মান্ধতার দোহাই দিয়ে বাংলার প্রাণের মেলা বই মেলায় চাপাতির আঘাতে শুধু অভিজিৎ রায়কেই আঘাত করেনি, আঘাত করেছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের চেতনায়।

সেক্যুলার মুভমেন্ট বাংলাদেশের যুক্তরাষ্ট্রের আহ্বায়ক শুভ রায় বলেন, প্রকাশ্য দিবালোকে চাপাতির আঘাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ক্ষণজন্মা শিক্ষক হুমায়ুন আজাদ, মৃত্যুঞ্জয়ী লেখক গবেষক অভিজিৎ রায়, ব্লগার রাজীব, ওয়াশিকুর রহমান বাবু, বিজ্ঞানবিষয়ক নবীন লেখক অনন্ত বিজয় দাশসহ টার্গেট কিলিং ছিল রাজনৈতিক ছকের অংশ। মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস, অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা, মুক্তবুদ্ধির দেশকে নিশ্চিহ্ন ও প্রগতির চাকাকে স্তব্ধ করে দেওয়ার জন্যই হত্যার হোলি খেলেছে ঘাতকেরা। এসব হত্যাকাণ্ডের স্বরূপ উন্মোচন করতে সরকার যেমন ব্যর্থ হয়েছে, তেমনি ঘাতকেরা উৎসাহ পেয়েছে।