নিউইয়র্কে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নামছে স্ট্রাইকিং ফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়াস্ত্র সহিংসতায় নাজুক হয়ে ওঠা নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি নগরে অস্ত্র উদ্ধার নিয়ে ব্যাপক কার্যক্রমে নামছে ফেডারেল সংস্থাগুলো। মার্কিন ফেডারেল বিচার বিভাগ আগ্নেয়াস্ত্র তল্লাশির জন্য নগরগুলোতে স্ট্রাইকিং ফোর্স নামাচ্ছে।

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র আইনের সংস্কার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উদ্যোগী হলেও এ নিয়ে রক্ষণশীলদের সহযোগিতা এখনো দৃশ্যমান নয়। মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার নিশ্চিত করা আছে। এ অধিকার রক্ষা করতে গিয়ে দেশটিতে বছরে ২০ হাজারের বেশি মানুষের আগ্নেয়াস্ত্র সহিংসতায় মৃত্যু হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে এমন সহিংসতা বেড়ে যাওয়ায় সর্বত্র উদ্বেগ বিরাজ করছে। করোনা মহামারি থেকে বেরিয়ে আসার সময়ে বাইডেন প্রশাসনের জন্য এমন সহিংসতা নিয়ন্ত্রণ করা এখন অগ্রাধিকারের তালিকায়।

যুক্তরাষ্ট্রের বহু রাজ্যেই আগ্নেয়াস্ত্র সহজেই কেনা যায়। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য রাজ্য পর্যায়ে ভিন্ন ভিন্ন আইন আছে। সহজে কেনা যায় এমন রাজ্যগুলোর মধ্যে ভার্জিনিয়া, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়া থেকে অস্ত্র সহজেই পাচার হয়ে যায় দেশের অন্যান্য অঞ্চলে।

নিউইয়র্ক ও নিউজার্সির মতো রাজ্যে ব্যবহৃত অধিকাংশ অস্ত্রই এসব রাজ্য থেকে আসা। সড়ক পথে কয়েক ঘণ্টার মধ্যে রাজ্য থেকে রাজ্যে অস্ত্রের স্থানান্তর ঘটে। কোনো অস্ত্রধারীকে কোথাও কোনো তল্লাশিতেও পড়তে হয় না।

নিউইয়র্ক থেকে নির্বাচিত এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস শুমার গত ২৭ জুন জানিয়েছেন, ফেডারেল সংস্থা এসব অস্ত্রের নিয়ন্ত্রণের জন্য সহসাই মাঠে নামছে। নিউইয়র্কে প্রতিদিন অস্ত্রের মহড়া চলছে। লোকজন হতাহত হচ্ছে প্রতিদিনই। শুধু নিউইয়র্ক নয়, অস্ত্রের জোগান আসছে যেসব রাজ্য থেকেও সেখানেও ফেডারেল সংস্থাগুলো কাজ করবে বলে সিনেটর চার্লস শুমার জানিয়েছেন।

মার্কিন ফেডারেল বিচার বিভাগ আগ্নেয়াস্ত্র তল্লাশির জন্য নগরে স্ট্রাইকিং ফোর্স নামাবে। নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস, সানফ্রান্সিসকো ও ওয়াশিংটন ডিসিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে এ স্ট্রাইকিং ফোর্স কাজ করবে বলে বিচার বিভাগ থেকে জানানো হয়েছে।

নিউইয়র্ক নগরে ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৪৬টি বন্ধুক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার শিকার হয়েছে ৫৬ জন মানুষ। অন্যান্য নগরীতেও এমন ঘটনা ঘটছে। করোনা মহামারির মতো বন্ধুক সহিংসতা এখন যুক্তরাষ্ট্রের জনপদগুলোকে তাড়া করছে। উদ্বিগ্ন করে তুলেছে জনগণকে।

ফেডারেল কর্তৃপক্ষ স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে আগ্নেয়াস্ত্রের সরবরাহ লাইনে তল্লাশি চালাবে এবং অপরাধের সঙ্গে জড়িত লোকজনকে বিচারের সম্মুখীন করবে বলে জানানো হয়েছে।

২০১৯ সালের তথ্য অনুযায়ী, ওই বছর নিউইয়র্কের ৪৭৪টি সহিংসতায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ভার্জিনিয়া থেকে এসেছিল। একই বছরের ৫৫০টি ঘটনায় ব্যবহৃত অস্ত্র এসেছিল জর্জিয়া রাজ্য থেকে।

সিনেটর চার্লস শুমার বলেছেন, ফেডারেল কর্তৃপক্ষ অধিক অর্থ বরাদ্দ করে জং ধরা সমস্যা কঠোরভাবে মোকাবিলা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। নিউইয়র্কসহ সহিংসতা বেড়েছে, এমন অনেক নগরীর রাজ্য আইনে বেশ কড়াকড়ি আছে। যদিও বাইরের রাজ্য থেকে আগ্নেয়াস্ত্রের জোগান আসায় স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ তা মোকাবিলা করতে অনেক সময় ব্যর্থ হয়।

সিনেটর শুমার আরও বলেন, যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে আগ্নেয়াস্ত্র আইন সহজ। এসব রাজ্যে সহজেই অস্ত্র কেনা যায়। ফেডারেল কর্তৃপক্ষ এ ১০টি রাজ্যে নজরদারি বৃদ্ধি করে কড়া অবস্থান গ্রহণ করলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি মনে করেন।