নিউইয়র্কে আবাসিক ভবনে আগুন, নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বারোর পাঁচতলা এই আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ২৮ ডিসেম্বর ২০১৭, নিউইয়র্ক। ছবি: রয়টার্স
নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বারোর পাঁচতলা এই আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ২৮ ডিসেম্বর ২০১৭, নিউইয়র্ক। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত চারজন।

আজ শুক্রবার সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বারোর পাঁচতলা একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও বলেন, গত ২৫ বছরের মধ্যে নিউইয়র্কে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত। চারজনের অবস্থা গুরুতর।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেন, ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুন লাগে। তা পুরো ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। প্রায় ১৬০ জন কর্মী এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ব্রঙ্কস বারোর ওই পাঁচতলা ভবনটি ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় ও ব্রঙ্কস চিড়িয়াখানার মাঝামাঝি অবস্থিত।