নিউইয়র্কে আলোচনায় প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত এলাকার প্রবাসীদের আলোচনায় প্রথম আলো। গতকাল সোমবার ভোরে পাঠকদের হাতে ঝকঝকে ছাপা প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণ পৌঁছার পর এ আলোচনা শুরু হয়।

গ্রোসারি আর সুপার মার্কেট থেকে প্রথম আলো হাতে না নিয়ে ঘরে ফেরা প্রবাসী বাংলাদেশির সংখ্যা নেই বললেই চলে। চায়ের দোকান থেকে শুরু করে বাসস্ট্যান্ড, সাবওয়ে, জেএফকে বিমানবন্দর, লাগোউডিয়া বিমানবন্দরের পার্কিং লটে (যেখানে বাংলাদেশি ক্যাবিদের আড্ডা) সবাই মেতেছেন প্রথম আলো নিয়ে।

প্রত্যেকেই প্রথম আলোর ছাপা সংস্করণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে চ্যালেঞ্জের কথাও বলতে ভুলছেন না কেউ কেউ। প্রথম আলোর ছাপা সংস্করণ এবং প্রকাশিত বিজ্ঞাপণ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

জ্যামাইকার ষাটোর্ধ্ব জামাল উদ্দিন গতকাল বলেন, ‘আমি পদ্মা গ্রোসারিতে বাজার করতে গিয়ে সকাল ১০টায় প্রথম আলো দেখতে পাই। প্রথম আলো দেখে চমকে উঠি। ১০ বছর প্রবাসজীবন হলেও প্রথম আলোর লোগোটি ভুলিনি। ফলে এটি যে ঢাকার প্রথম আলো, সেটি মনে করতে সময় লাগল না। কত দিন প্রথম আলোর পরিচিত টাইপ (হরফ) দেখি না, উল্টে-পাল্টে খেলার সংবাদ দেখি না!’ তিনি আরও বলেন, ‘প্রথম আলো হাতে পেয়ে ঢাকার রাজাবাজারে থাকার সময়ের এই পত্রিকা পড়ে পড়ে চায়ের দোকানে আড্ডা দেওয়ার কথা মনে পড়ে গেল।’

একটু হেঁটে পদ্মা গ্রোসারিতে প্রবেশ করতেই হাসিমুখে মালিক ওয়াকিল জানালেন, প্রায় সব কপি শেষ।

জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, আড্ডা দিচ্ছেন বাংলাদেশিরা। তাঁদের আড্ডার মধ্যে বেশির ভাগ কথা হচ্ছে প্রথম আলো নিয়ে। ]

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ছানোয়ার বলেন, ‘কাল রাতে এক বন্ধু খবর দিয়েছিলেন প্রথম আলা গতকাল গ্রোসারিতে পাওয়া যাবে। সকাল সকাল গ্রোসারিতে গিয়ে পত্রিকা হাতে নিয়েই বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোয় চোখ বুলিয়ে নিলাম। পড়ে বেশ ভালোই লাগল।’ তবে বাংলাদেশি কমিউনিটির সংবাদ না থাকায় তিনি কিছুটা হতাশ বলে জানান। একই আড্ডায় অংশ নেওয়া নিউইয়র্ক বোর্ড অব এডুকেশনে কর্মরত আবির খান মাহমুদ বলেন, ‘প্রথম আলো উত্তর আমেরিকায় এটা দেখেই ভালো লাগছে। প্রথম আলোকে বাংলাদেশের মতো এখানেই শক্তভাবে সংবাদ প্রকাশ করতে হবে।’ তিনি বলেন, বাংলাদেশে প্রথম আলো দুর্নীতির খবরগুলো বেশি প্রাধান্য দেয়, এখানেতো এ ধরনে দুর্নীতি নেই তাই কমিউনিটির বাংলাদেশিদের সফলতামূলক সংবাদ থাকতে হবে।

জ্যামাইকার হিল সাইডের বাংলাদেশি ডানকিন ডোনাটসে কর্মরত লাইলা বেগম বলেন, ‘আমরা কর্মজীবী, এখানে সব সময় ফ্রি পত্রিকা পড়ে থাকি। কাজে যাওয়ার সময় যেকোনো পত্রিকা নিয়ে ট্রেনে পড়তে পড়তে কাজে ঢোকার আগেই তা ফেলে দিই। এসব পত্রিকায় বাংলাদেশের সব পুরোনো খবর থাকে। প্রথম আলোর কাছে আমরা সে রকম খবর চাই না।’

বাংলাদেশি সাবেক ব্যাংকার দিবা হোসাইন বলেন, ‘প্রথম আলোর নারী পাতার প্রতি আমাদের আগ্রহ অনেক। নকশা এবং ছুটির দিন বাংলাদেশে গেলে খুবই উপভোগ করি। এখানেও সে রকম কিছু দরকার।’

উদ্বোধনী সংখ্যা হাতে নিয়ে ফ্লাশিংয়ের শহীদুল মোহাইমিন বলেন, ‘বড় বড় প্রবন্ধ, আর্টিকেল দেখে আমার ভালো লাগেনি। আমেরিকা, বিশেষ করে নিউইয়র্ক নগর কখনো ঘুমায় না। মানুষ ছুটে চলে ট্রেনের গতিতে। দিন যে কোন দিকে যায়, কাজের মধ্যে সেটির টের পাওয়া যায় না। এত ব্যস্ততার মাঝে বড় বড় গল্প পড়ার সময় নেই মানুষের কাছে।’ তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের আনাচকানাচে, বিশ্বের যেকোনো জায়গায় ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো দিয়ে শুক্রবার প্রথম আলো প্রকাশিত হলে তা হবে যুগোপযোগী।

গত রোববার রাতে ইয়র্ক কলেজে যাত্রা শুরুর অনুষ্ঠানে যোগ দেওয়া রিয়েল স্ট্রেট ইনভেস্টর ও সংস্কৃতিসেবী আনোয়ার হোসেন বলেন, ‘এ অনুষ্ঠান ছিল একটি সফল অনুষ্ঠানে। গুটি কয়েক বিষয় বাদ দিলে এটি একটি স্মরণীয় অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা যায়।’

অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি মারিয়া আক্তার বলেন, ‘রাতে ঘুমাতে পারিনি। অনুষ্ঠানে ফারাজকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র আমার চোখে জল এনে দিয়েছে। আমি আগে জানলে ফারাজের মতো সন্তানের মা সিমিন হোসেনকে একবার পা ছুঁয়ে সালাম করতাম।’

জ্যামাইকার বাংলাদেশি হাসিনা আক্তার বলেন, ‘অনুষ্ঠানে আমার বন্যার গান এবং উদ্বোধনের সময় যখন সবাই বাংলাদেশ এবং প্রথম আলোর পতাকা নেড়ে আনন্দ করেছে, এ দৃশ্য দেখে মনে হয়েছে ইয়র্ক কলেজ অডিটোরিয়াম আরেকটি “বাংলাদেশ”।’