নিউইয়র্কে আসছে কম, যাচ্ছে বেশি
নিউইয়র্ক নগরে নতুন যত মানুষ আসছে, যাচ্ছে তার চেয়ে ঢের বেশি। রিয়েল এস্টেট সাইট স্ট্রিট ইজির তৈরি হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, দুই লাখ ৫০ হাজারের বেশি লোক স্থায়ীভাবে বসবাসের জন্য গত বছর নিউইয়র্কে এসেছেন। পাশাপাশি নয় লাখের বেশি নিউইয়র্কবাসী গত বছর এই নগর ছেড়ে অন্যত্র চলে গেছেন। প্রশ্ন হলো, কারা এই নবাগত নিউইয়র্কবাসী? বাস্তবতা হলো এই, উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান ও নবাগত অভিবাসী নিউইয়র্কে বসবাসের উদ্দেশ্যে এই শহরে এসে জড়ো হচ্ছেন নিয়মিত। বিপুলসংখ্যক নবাগত এসব মানুষের মধ্যে ৩৫ শতাংশ আসেন দুনিয়ার নানা প্রান্ত থেকে। বাকি ৬৫ ভাগ নিউইয়র্কে আসেন আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য থেকে।
মোট প্রায় ৮৫ লাখ নিউইয়র্কারকে
নিয়ে গড়ে ওঠা এই শহরে তিন শতাংশ নবাগতের আগমন ঘটলেও কমপক্ষে নয় লাখ অধিবাসী বসতের অভিপ্রায়ে প্রতি বছর নিউইয়র্ক ছেড়ে আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যে চলে যান, স্ট্রিট ইজির পরিসংখ্যানে এই তথ্য পাওয়া যায়। আমেরিকার ভেতর থেকে আসা নবাগতদের মধ্যে ৯ শতাংশ আসেন ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো শহর থেকে। বিস্ময়কর হলেও সত্য, অবসরপ্রাপ্তদের পছন্দের শহর রৌদ্রোজ্জ্বল রাজ্য হিসেবে খ্যাত ফ্লোরিডা থেকে নিউইয়র্কে নবাগতের সংখ্যা ছয় শতাংশের বেশি।
নিউইয়র্কের আশপাশের অঙ্গরাজ্য নিউজার্সি ও অন্যান্য এলাকা যেমন হাডসন ভ্যালি, আপস্টেইট ও কানেকটিকাট থেকে এই নগরে আগতদের পরিমাণ ৪৩ শতাংশের মতো। তাঁদের সিংহভাগ নিউইয়র্কের ম্যানহাটন ও কুইন্সে বসবাস করতে ভালোবাসেন। আরেকটি তথ্যে জানা যায়, অল্পসংখ্যক নবাগতদের আগমন ঘটে আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য যেমন শিকাগো, বোস্টন ও ওয়াশিংটন ডিসি থেকে। এর সংখ্যা তেমন উল্লেখযোগ্য নয়। নিউইয়র্কে আসা নবাগতদের মধ্যে অনেক বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়। নবাগতদের দুই তৃতীয়াংশের গড় বয়স হলো ১৮ থেকে ৩৪ বছর। মাত্র ২০ শতাংশের বয়স হয়ে থাকে ৩৫ থেকে ৫৯ বছর।
পরিসংখ্যানে দেখা যায়, ৬ শতাংশের কম লোকের বয়স ৬০ কিংবা তার বেশি। নবাগতদের মধ্যে নিউইয়র্ক বসবাসের এই প্রবণতাকে রিয়েল এস্টেট জার্নাল বিস্ময়কর বলে উল্লেখ করেছে। এতে বলা হয়, অনেকেই মনে করতেন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এক নম্বর পছন্দের স্থান ছিল সানশাইন স্টেট ফ্লোরিডা। বর্তমানে সেই স্থান দখল করেছে নিদ্রাহীন নগরী নিউইয়র্ক।