নিউইয়র্কে ইঁদুর ধরার নয়া ফাঁদ
নিউইয়র্কে ইঁদুরের উপদ্রব বাড়ছে। ডেমোক্র্যাট দলের ব্রুকলিন বরো প্রেসিডেন্ট অ্যারিক অ্যাডামস এ রক্ষা পেতে আশার কথা শুনিয়েছেন। ৫ সেপ্টেম্বর বরো হলে ইঁদুর ধরার ফাঁদের কার্যকারিতা পরিদর্শন করতে গিয়ে অ্যাডামস নিজেকে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ বলে অভিহিত করেন।
চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর এই এক মাসের মধ্যেই নতুন নকশার চারটি ফাঁদে ভবনের চারপাশে ১০৭টি ইঁদুর ধরা পড়েছে। পরীক্ষণকারী দলের একজন সদস্য দর্শনার্থী এবং সাংবাদিকদের সামনে ইঁদুরসহ একটি ফাঁদ খুলে দেখান।
জনসাধারণের আবর্জনা ফেলার জায়গায় ব্যবহার করার জন্য ইঁদুর ধরার ফাঁদের নকশা করা হয়েছে। ইঁদুরদের আকৃষ্ট করতে এতে ব্যবহার করা হয়েছে সূর্যমুখী বীজ ও বাদামের টোপ। মূলত এর মধ্যে রয়েছে ভিনেগার ও অ্যালকোহলের দ্রবণ। ইঁদুর যখন ফাঁদে আটকা পড়ে ভেতরে পৌঁছে যায়, বিষাক্ত এই দ্রবণটিতে ডুবে সঙ্গে সঙ্গেই ইঁদুর অচেতন হয়ে পড়ে।
গন্ধহীন এ ফাঁদে একবারে ৩০ থেকে ৪০টি ইঁদুর ধরা পড়ার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে। আর এটি মাসে কেবল একবার খালি করতে হয়।
ইঁদুরের সংখ্যা নিউইয়র্কে ক্রমবর্ধমান। এই সমস্যা নিরসনের উদ্দেশ্যে লাখো ডলার ব্যয় করার পরেও ব্রুকলিনে ইঁদুরের সংখ্যা এখনো বেড়ে চলেছে। বিশেষত বেডফোর্ড-স্টুয়েভাস্যান্ট, প্রসপেক্ট হাইটস এবং বুশউইকের আশেপাশে। এক ব্যাগ ইঁদুর মারার বিষ দেখিয়ে অ্যারিক অ্যাডামস বলেন, ‘আমরা এর জন্য কয়েক শ মিলিয়ন ডলার ব্যয় করেছি। ইঁদুরের কাছে এটি রসিকতা। কিন্তু আমাদের কাছে এটি ক্রমাগত ব্যয়।’
প্রচলিত পদ্ধতির এই ব্যর্থতার বিপরীতে নতুন পদ্ধতিটি বেশ কার্যকর এবং সাশ্রয়ী। ইঁদুর ধরার নতুন ফাঁদের প্রতিটির পেছনে মাত্র ৩০০ থেকে ৪০০ ডলার ব্যয় হবে। কেবল একটি ৯ ভোল্টের ব্যাটারি দিয়েই এটি চালানো যায় এবং খুব সামান্য রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়।