নিউইয়র্কে ইসিডিপিএর পূজা ১১-১৩ অক্টোবর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিউইয়র্কে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে আমেরিকার ইস্ট কোস্ট দুর্গাপূজা অ্যাসোসিয়েশন (ইসিডিপিএ)। সংগঠনের ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ বছর আরও ব্যাপকভাবে পূজার আয়োজন করা হচ্ছে। আগামী ১১ অক্টোবর থেকে গুজরাট সমাজ মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হবে। এতে যোগ দিচ্ছেন অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত, সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, অনুপম রায় ও কিনজল।
এ উপলক্ষে নিউইয়র্কের জ্যামাইকার এক রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসিডিপিএ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র উপদেষ্টা প্রবীর রায়, বিষ্ণু সাহা, অজয় চক্রবর্তী, মিলন আওন, শিপ্রা রায়, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর বিজয় সাহা, ট্রেজারার ক্রিস ঘোষ বাপ্পা প্রমুখ।
সংবাদ সম্মেলনে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘পঞ্চাশ বছর ধরে একটি সংগঠন বিন্দু থেকে সিন্ধু হয়েছে। এটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। সেই উদ্দীপনা নিয়ে আমি নিউইয়র্কে এসেছি। অনুষ্ঠানে আমি পারফর্ম করব। অভিনয় ও নৃত্যকলায় পুরো আয়োজনটি আমি সাজিয়েছি, যা দর্শকদের জন্য উপভোগ্য হবে।’
প্রবীর রায় বলেন, ‘এক সময় নিউইয়র্কে পূজা বলতেই ছিল ইসিডিপিএর পূজা। নিউইয়র্কের বাইরে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পুজোয় অংশ নিতে আসতেন অনেক মানুষ। আজ ৫০ বছরে কমিউনিটি অনেক বড় হয়েছে। মন্দির, পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। এরপরও নিউইয়র্কে পূজার আয়োজনে ইসিডিপিএ সব সময় ভিন্ন মাত্রা যোগ করে।’
ক্রিস ঘোষ বাপ্পা জানান, ১১ অক্টোবর কবিতা কৃষ্ণমূর্তি, ১২ অক্টোবর ঋতুপর্ণা সেনগুপ্ত ও ১৩ অক্টোবর অনুপম রায় পারফর্ম করবেন। এ ছাড়া পূজা হবে গুজরাট সমাজ মন্দিরে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। নৈশভোজের পর কনসার্ট অনুষ্ঠিত হবে মন্দিরের পার্শ্ববতী ফ্রান্সিস লুইস হাই স্কুল অডিটোরিয়ামে। ইসিডিপিএর ৫০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের সবক’টি মন্দিরকে বিশেষ স্মারকে ভূষিত করা হচ্ছে। তা ছাড়া এবারের পূজায় বাঙালির রসনা বিলাসের আয়োজনটিও হচ্ছে বেশ আকর্ষণীয়। থাকবে বাঙালির প্রিয় আলুর দম, ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদি। সঙ্গে ঠাকুরের ভোগ তো থাকছেই।