নিউইয়র্কে এক আবেদনেই মিলবে কর্মহীন ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিপার্টমেন্ট অব লেবার
ডিপার্টমেন্ট অব লেবার

নিউইয়র্ক অঙ্গরাজ্যে 'আনএমপ্লয়মেন্ট' বা কর্মহীন ভাতার আবেদনের পদ্ধতি সহজ করা হয়েছে। রাজ্যের ডিপার্টমেন্ট অব লেবার বা শ্রম বিভাগের পক্ষ থেকে গতকাল সোমবার (২০ এপ্রিল) জানানো হয়েছে, কোভিড-১৯ সংকটের কারণে আবেদন প্রক্রিয়া তারা সহজ করেছে। আবেদনকারীরা এখন থেকে কর্মহীন ভাতার জন্য একটি আবেদন করলেই চলবে বলে জানানো হয়েছে।

গতকাল সোমবারের আগে আবেদনকারীকে প্রথমে নিয়মিত কর্মহীন ভাতার জন্য আবেদন করতে হত। প্রথম আবেদনটি প্রত্যাখ্যান হওয়ার পর নতুন করে মহামারিতে কর্মহীন হওয়ার বিষয়টি উল্লেখ করে আবেদন মঞ্জুর করা হত। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এমন নিয়ম চালু করা হয়েছিল বলে জানানো হয়েছে।

হালনাগাদ করার পর এখন থেকে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত বা দুর্যোগকালীন ভাতা পাওয়ার উপযুক্ত কি না, তা নির্ধারণ করা হবে। করোনা দুর্যোগকালীন সহায়তার জন্য কংগ্রেসপ্রণীত কেয়ারস অ্যাক্টের আওতায় কর্মহীন লোকজনকে বেকার ভাতা দেওয়া হবে। স্বাভাবিক সময়ে কর্মহীন হওয়ার জন্য যাদের ভাতা দাবি করার সুযোগ ছিল না, তাদেরকে এই আইনের আওতায় আনা হয়েছে।

রাজ্যের লেবার ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, যারা এই আইনের আওতায় ভাতা পাবেন তাদের মধ্যে স্বেচ্ছাশ্রমের (সেলফ এমপ্লোয়েড) কর্মজীবীরা রয়েছেন। স্বাধীন চুক্তিতে যারা কাজ করেন তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন অ্যাপসভিত্তিক কোম্পানির কর্মচারী, উবার, লিফট চালক, ফার্মার, যাদের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়েছে, যাদের শরীরে এই সংক্রমণের লক্ষণ ছিল এবং সংক্রমণ পরীক্ষা করার চেষ্টা করছিল তারাও কর্মহীন ভাতা পাবে।যে পরিবারে করোনা রোগী আছে এবং একই পরিবারে বাস করছেন, সে সব লোকজনকেও আবেদনের যোগ্য ধরা হয়েছে।

কোন শিশুর কেয়ার গিভার, যিনি শিশুটির স্কুলে না যাওয়ার কারণে দেখভালের দায়িত্বে আছেন, তিনিও আবেদন করতে পারবেন।যারা কোন বাধ্যবাধকতার জন্য কর্মস্থলে যেতে পারছেন না বা পরামর্শ পেয়ে নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন, তারাও ভাতার পাওয়ার যোগ্য হবেন। যারা চাকরি পেয়ে নতুন কর্মস্থলে যাওয়ার কথা ছিল এবং কভিড-১৯–এর কারণে কাজে যোগ দিতে পারেননি তারাও ভাতা পাবেন। কোন পরিবারের প্রধান করোনায় মারা গেছেন এবং এমন পরিবারের ব্যয় নির্বাহের প্রধান ব্যক্তি আবেদন করতে পারবেন।যারা কভিড-১৯–এর কারণে কাজ ছেড়েছেন, যাদের কর্মস্থল কভিড-১৯–এর কারণে বন্ধ হয়ে গেছে এবং যারা অন্য কোন নিয়মিত বা বর্ধিত ভাতার জন্য আবেদনের যোগ্য নয়, তারাও আবেদন করতে পারবে।

রাজ্যের শ্রম বিভাগ জানিয়েছে, কোভিড-১৯ সংকট শুরু হওয়ার পর থেকে নিউইয়র্কের এক মিলিয়ন মানুষকে ইতিমধ্যে দুই বিলিয়ন ডলার কর্মহীন ভাতা বিতরণ করা হয়েছে।কংগ্রেসপ্রণীত বিশেষ আইনে জনপ্রতি সপ্তাহে ৬০০ ডলার করে কর্মহীন ভাতা পাওয়ার কথা। নিউইয়র্কে অনেকেই এরই মধ্যে এমন ভাতা পেতে শুরু করেছেন। অনেকের আবেদন ঝুলে আছে। আবেদনের পদ্ধতি সহজ করায় এখন দ্রুতই কর্মহীন ভাতা নিউইয়র্কের লোকজন পাবেন বলে আশা করা হচ্ছে।