আমেরিকাসহ উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যসহ নিউইয়র্কে বসবাসরত মুসলমানরা ঈদ উদ্যাপনের প্রস্তুতি শুরু করেছে। সাপ্তাহিক ছুটি ও গ্রীষ্মের চমৎকার আবহাওয়া থাকায় নিউইয়র্কে অধিকাংশ স্থানেই ঈদের জামাত খোলা মাঠে অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কে দক্ষিণ এশীয়দের টাইমস্কোয়ার হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহে সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি করে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক ঈদগাহের ব্যবস্থাপনায় ঈদের পরদিন সোমবার বিকেলে কোরবানির মাংস বিতরণ করা হবে।
নিউইয়র্ক ঈদগাহের ইমাম কাজী কাইয়্যুম প্রবাসে ইসলামি সংস্কৃতির বিশেষ ঐতিহ্য ও সুন্নত মোতাবেক ঈদের জামাত আদায়ের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাহজিব-তমদ্দুন বজায় রেখে আমাদের নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা জাগাতে ঈদের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
নিউইয়র্কে প্রবাসীদের বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। জ্যামাইকার টমাস এডিশন হাইস্কুল সংলগ্ন খোলা মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নারী মুসল্লিদের জন্যও জামাতে নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
জ্যামাইকা মসজিদ মিশনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা ও ৯টায়। জ্যামাইকার আলকুবা মসজিদ সংলগ্ন সড়কপথে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালনা কমিটির সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, বৃহত্তর ঈদের জামাতের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে চারটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটা থেকে এক ঘণ্টা পর পর সাড়ে দশটা পর্যন্ত এসব জামাত অনুষ্ঠিত হবে।
ব্রুকলিনের বায়তুল মামুর মসজিদে জামাত হবে সকাল ৮টায়। ওজন পার্কের আল আমান মসজিদের উদ্যোগে জামাত অনুষ্ঠিত হবে ডি ও টি পার্কে সকাল সাড়ে সাতটায়। ওজোন পার্কের ফুলতলি ইসলামিক সেন্টারের ঈদের জামাত হবে পিএস ৬৪ স্কুল মাঠে সকাল সাড়ে আটটায়। ওজন পার্কের আল-ফুরকান মসজিদ সংলগ্ন সড়কপথে জামাতের আয়োজন করা হয়েছে সকাল সাড়ে আটটায়।
অ্যাস্টোরিয়া ইসলামিক সেন্টারের জামাত ৩১ স্ট্রিট ও ২১ অ্যাভিনিউয়ে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। অ্যাস্টোরিয়ার আল-আমীন মসজিদ সংলগ্ন সড়ক ৩৬ ও ৩৭ অ্যাভিনিউয়ের মাঝে সড়ক পথে সকাল ৮টায় ঈদের জামাত হবে।
ব্রঙ্কসের পার্কচেষ্টার মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল ৮টা ও অন্যটি সকাল ৯টায়।
এসব ছাড়া অধিকাংশ বাংলাদেশি মসজিদে সকাল সাড়ে আটটা থেকে একাধিক ঈদের নামাজের জামাতের কর্মসূচি ঘোষণা করেছে। বিস্তারিত জানার জন্য মসজিদগুলোতে ফোন করে সময়সূচি জেনে নিতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।