নিউইয়র্কে এবার রমনার আদলে বর্ষবরণ
বাংলাদেশের রমনা বটমূলের আদলে নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বর্ষবরণ। নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন আনন্দধ্বনি এ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘প্রভাতি বাংলা বর্ষবরণ ১৪২৪’।
আনন্দধ্বনির অন্যতম কর্ণধার অর্ঘ্য সারথী শিকদার প্রথম আলোকে বলেন, নিউইয়র্কে বাড়ছে বাংলাদেশি। প্রায় প্রতি বছর কমিউনিটির অনুষ্ঠানের ধরন ও আকার বাড়ছে। পয়লা বৈশাখকে ঘিরে বাংলাদেশি কমিউনিটি অন্যরকম আনন্দে মেতে উঠে। তিনি বলেন, কমিউনিটির অনেকেরই দীর্ঘদিনের দাবি ছিল প্রবাসে রমনার বটমূলের মতো কোনো অনুষ্ঠানের; যেখানে রবীন্দ্র সংগীতসহ নানা আনুষ্ঠানিকতা শুরু হবে ভোর থেকে।
অর্ঘ্য সারথী শিকদার বলেন, নিউইয়র্কে যেহেতু বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে রমনার বটমূলের মতো জায়গা নেই, সেহেতু আয়োজনটা করা হচ্ছে কুইন্স প্যালেসে। অডিটোরিয়ামে এ আয়োজন হলেও রমনার বটমূলের আবহ রাখার চেষ্টা করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী খাবারের। অনুষ্ঠানে মূলধারা ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে। চিরায়ত বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে প্রথমবারের মতো আয়োজিত প্রভাতি বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে।