নিউইয়র্কে এলেন গুণী বাবার সঙ্গে গুণী কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা খায়রুল আনাম ও কন্যা নাসিয়া আনাম
বাবা খায়রুল আনাম ও কন্যা নাসিয়া আনাম

মিশিগান থেকে সম্প্রতি নিউইয়র্কে এসেছিলেন লেখক বাবা খায়রুল আনাম ও কন্যা বিশ্ববিদ্যালয়-শিক্ষক নাসিয়া আনাম। এই দুই গুণী ব্যক্তির আগমন উপলক্ষে জ্যাকসন হাইটসে মুক্তধারা কার্যালয়ে সম্প্রতি বসেছিল ছোটখাটো আড্ডা। আড্ডায় আরও ছিলেন লেখক বেলাল বেগ, মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা, লেখক হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, মনজুর কাদের ও আদনান সৈয়দ।
লেখক হিসেবেই মূলত পরিচিত হলেও খায়রুল আনামের আরেক পরিচয় তিনি পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ১৯৬৪ সালে কলকাতার যাদবপুর প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যখন পড়াশোনা শেষ করেন, তখন উভয় বাংলারই অবস্থা উত্তাল। হিন্দু-মুসলিম দাঙ্গা তখন চরমে। সেই ভয়ংকর সময়ের অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি এদিনের আড্ডায়।
আড্ডায় নিউইয়র্কে এবারের আগমনের গল্প বলতে গিয়ে খায়রুল আনাম বললেন, ‘অনেক দিন পরে নিউ জার্সিতে এসেছিলাম মেয়ে নাসিয়াকে দেখতে। এ বছর সে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল লেখা বিষয়ে পড়ানো শেষ করে নেভাদা বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে। ভাবলাম, এতটা কাছে যখন এসে পড়েছি, তখন নিউইয়র্কে বাঙালির মক্কা জ্যাকসন হাইটস ঘুরে যাই।’
খায়রুল আনামের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে। চব্বিশ পরগণার ডায়মন্ড হারবারে ১৯৪০ সালে তাঁর জন্ম। পড়াশোনা করেছেন কলকাতায়। যাদবপুর থেকে পাস করার পর বেকার ছিলেন নয় মাস। সেই সময়েই ভাগ্য অন্বেষণে পাড়ি জমান পূর্ববঙ্গের খুলনায়। শেষমেশ স্থায়ী হন চট্টগ্রামে। সেখানে কর্ণফুলী পেপার মিলে চাকরি করেন টানা দশ বছর। এক সময় আমেরিকায় পাড়ি জমান। সময়টা আজ থেকে ৪৪ বছর আগে। নিউইয়র্ক থেকে শুরু আমেরিকা জীবন। কয়েক ঘাট ঘুরে শেষে শিকাগোতে স্থিতি, তাও প্রায় ৪০ বছর হয়ে এল। বিশ্বের বড় বড় প্রকৌশল ও উৎপাদন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। এখন অখণ্ড অবসর। না অখণ্ডও নয়। রয়েছে পরামর্শক হিসেবে দায়িত্ব। আর সাহিত্য চর্চা তো রয়েছেই। জীবনের মাত্র দশ বছর কাটালেও বাংলাদেশকে নিজের দেশ হিসেবে জানেন খায়রুল আনাম।
অনুগল্প, ছোটগল্প, রম্যরচনা, স্মৃতিচারণ, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি ও উপন্যাসেই বিচরণ খায়রুল আনামের। লেখালেখির ওপর বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে কোর্সও করেছেন। তাঁর রচনা আমেরিকা, কানাডা ও বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হয়েছে। ‘বেঙ্গলি লিটারেচার গোজ গ্লোবাল’ নামে একটি গ্রুপের সঙ্গে জড়িত তিনি, যাদের কাজ মূলত উভয় বাংলার শ্রেষ্ঠ সাহিত্য সম্পদ আহরণ করে তা ইংরেজিতে অনুবাদ করে বিশ্বসাহিত্যের বাজারে ছড়িয়ে দেওয়া।
মেয়ে নাসিয়া নেভাদা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যাপনা শুরু করবেন আসছে আগস্টে। এত বিষয় থাকতে ইংরেজি সাহিত্য কেন? আড্ডায় উঠে এল এই প্রশ্নও। নাসিয়ার উত্তর, ‘স্কুল বয়স থেকে বই পড়তে ভালো লাগত। একটু চুপচাপ ধরনের ছিলাম বরাবর। বই নিয়েই থাকতাম। কলেজে যখন ঢুকি প্রি মেডিকেল কিংবা আইন নিয়ে পড়ার ইচ্ছা ছিল। প্রথম সেমিস্টারে আমার মূল বিষয় ছিল রসায়ন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের কলেজে পড়তাম আমি। প্রথম সেমিস্টার শেষে বুঝতে পারলাম, এটা আমার বিষয় নয়। তখন সাহিত্য নিলাম। ওয়াভবোনসে ভ্যালি হাইস্কুলে পড়ার সময় ইংরেজির শিক্ষকেরা সব সময় বলতেন, আমি এই বিষয় নিয়ে পড়লে ভালো করব।’
শুরুতে মেয়ের ইচ্ছার বিরোধিতা করেছেন বাবা খায়রুল আনাম ও মা মোরশেদা আনাম। তাঁরা বলেছিলেন, ‘হিউম্যানিটিজ নিয়ে পড়ার জন্য এই দেশে আসিনি আমরা।’ আসলে দেশান্তরী জীবনের সংগ্রামের অভিজ্ঞতা তাঁদের মনে ছাপ ফেলেছিল। পরে অবশ্য মেয়ের ইচ্ছার কাছে নতি স্বীকার করেন তাঁরা।
কলেজে ইংরেজি ক্লাসে অংশ নিতে শুরু করেন নাসিয়া। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপকেরা ছিলেন বিশ্বখ্যাত। তাঁদের ক্লাসে উপস্থিত থাকতে পারাটা ছিল যে কারওর জন্যই বিরাট অভিজ্ঞতার ব্যাপার। বড় বোন সেঁজুতিরও কলেজে মেজর ছিল ইংরেজি ও চিকিৎসা বিজ্ঞান। ফলে এক ধরনের চিন-পরিচয় আগে থেকেই ছিল। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করতে তাই তাঁর কোনো বেগই পেতে হয়নি। পরে পিএইচডি করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে। তাঁর পিএইচডির বিষয় ছিল অভিবাসী সাহিত্য। নাসিয়ার আগ্রহের বিষয় হলো উপনিবেশোত্তর যুগ ও ডায়াসপোরা (স্থানচ্যুত জনগোষ্ঠীর সাহিত্য)। প্রধানত ওই সব উপনিবেশ যুগের পর ব্রিটিশদের কবল থেকে বেরিয়ে দক্ষিণ এশীয়রা উলটে যখন ইংল্যান্ডে এসেছে ও ফ্রান্সের কবল থেকে বেরিয়ে উত্তর আফ্রিকানরা যখন ফ্রান্সে গেছে, রাজনৈতিক ও সামাজিক ছাড়াও শিল্পে সাহিত্যে তাদের জীবনধারার একটি প্রভাব পড়েছে। আর এই বিষয়টিই নাসিয়ার গবেষণার বিষয়। খুব শিগগিরই এই বিষয়ে গবেষণামূলক বই প্রকাশ হবে বলে আড্ডায় জানান নাসিয়া।