নিউইয়র্কে কবে হবে স্থায়ী শহীদ মিনার?
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য শহীদদের স্মরণে নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার কবে নির্মিত হবে তা বলা কঠিন। কখন শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হবে তাও কেউ জানে না। এ নিয়ে কারও মধ্যেও তেমন কোনো তৎপরতা দেখা যায় না।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে শহীদ মিনার নির্মাণের বিষয়ে আমেরিকার নিউইয়র্কভিত্তিক বাংলাদেশি কমিউনিটির অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ছিদ্দিকীর কণ্ঠে এমনই হতাশা ঝরে পড়ল। তিনি বলেন, ‘অন্যান্য বছরের মতো চলতি বছরও সোসাইটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে। বিশ্ব মাতৃভাষা দিবসসহ জাতীয় দিবসগুলো উদ্যাপনে আমরা যথারীতি আগের ধারাবাহিকতা বজায় রাখব। তবে নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়ে কিছু জানা নেই আমার।’
রুহুল আমিন বলেন, স্থায়ী শহীদ মিনার কবে হবে বলা কঠিন। কখন মিনার নির্মাণের কাজ শুরু হবে তাও জানি না। বোরো প্রেসিডেন্টের ওয়াদা অনুযায়ী জ্যামাইকায় শহীদ মিনার নির্মাণের কথা চলছে। তবে ঠিক কখন মিনার নির্মাণের কাজ শুরু হবে এবং কখন আমরা সেখানে ভাষা দিবস পালন করতে পারব, তা নিশ্চিত করে বলা কঠিন।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক বলেন, আগের মতোই গুলশান টেরেসে সোসাইটির উদ্যোগে ও অন্যান্য সামাজিক ও আঞ্চলিক সংগঠনের অংশগ্রহণে ২১ ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ প্রতিযোগিতায় প্রবাসে নতুন প্রজন্ম এবং বাংলাদেশ থেকে আগত শিশু-কিশোরেরা অংশ নিতে পারবেন।
রুহুল ছিদ্দিকী বলেন, ২৭ মে সোসাইটি পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করবে। এ উপলক্ষে হাম্দ ও না’তে রাসুল প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় প্রবাসে নতুন প্রজন্ম এবং বাংলাদেশ থেকে আগত শিশু-কিশোরদের অংশগ্রহণের সুযোগ থাকবে। ঈদ পুনর্মিলনী হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ঈদ পুনর্মিলনী আগেও হয়নি। এটা খুবই কঠিন ও ব্যয়বহুল কাজ। এ ধরনের কোনো পরিকল্পনা আপাতত সোসাইটির নেই।
ছিদ্দিকী বলেন, সোসাইটি গেট টুগেদারের আয়োজন করবে। এ অনুষ্ঠানে সোসাইটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ট্রাস্টি বোর্ডের সদস্য ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
যাঁরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাঁদের কেন এ ধরনের অনুষ্ঠানের বাইরে রাখা হচ্ছে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, হাজার হাজার ভোটারকে একত্রিত করা কিংবা স্থান সংকুলান করা কোনোভাবেই সম্ভব নয়। এ ধরনের অনুষ্ঠানে কতজন আসবেন তাও নিশ্চিত নয়।
সোসাইটি কেন বার্ষিক বনভোজন করে না জানতে চাইলেন রুহুল আমিন ছিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সংগঠনগুলো এ ক্ষেত্রে বেশ সক্রিয় এবং অগ্রণী ভূমিকা পালন করছে। তাই সোসাইটি এ ধরনের উদ্যোগ নিতে চায় না। তা ছাড়া আর্থিক ঝুঁকির ব্যাপার তো আছেই। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশাও ক্ষীণ। এমন ব্যাপক উদ্যোগ সফল করা সত্যিই দুরূহ ব্যাপার।
রুহুল আমিন ছিদ্দিকী বলেন, ‘চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে সোসাইটির স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। ১১ ফেব্রুয়ারি সোসাইটির কার্যালয়ে কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভায় তহবিল সংগ্রহের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে। আমরা ভবন নির্মাণের জন্য মোটা অঙ্কের তহবিল রেখে যেতে চাই, যেন অদূর ভবিষ্যতে ভবন নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া যায়।’